মহাখালীতে পুড়ল পরিবার পরিকল্পনার গুদাম
ঢাকার মহাখালী ওয়্যারলেস গেইট এলাকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় গুদাম আগুনে ভষ্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহমুদুল হক জানান, শনিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে টিনশেড ওই গুদামে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে রোববার সকালেও সেখানে ডাম্পিংয়ের কাজ চলছিল। সে সময় ওই এলাকা প্রচুর সাদা ধোঁয়া দেখা যায়।
২৬০ ফুট দৈর্ঘ্য এবং ৫০ ফুট প্রস্থের ওই টিনশেড গুদামে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন মালামাল মজুদ রাখা হত। তবে সেখানে কী পরিমাণ সামগ্রী ছিল তা জানাতে পারেননি অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে কীভাবে আগুন লাগল তাও স্পষ্ট নয়।
মাহমুদুল হক বলছেন, মধ্যরাতে আগুন লাগলেও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে দেরিতে। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর পরও আবাসিক এলাকার মধ্যে কোথায় আগুন লেগেছে সে বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়।
তবে এ বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কারও বক্তব্য পাওয়া যায়নি।
