২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুরাল মাল্টিপারপাসের সভাপতির বিরুদ্ধে মামলার অনুমোদন

গ্রাহকদের আমানতের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুরাল মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মো. শাহজাহানের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2017, 07:32 PM

Updated : 19 Aug 2022, 04:16 PM

রোববার এই অনুমোদন দেওয়া হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

কুমিল্লার সদর-দক্ষিণ উপজেলার যুক্তিখোলা বাজারের মৌলভি আব্দুল হালিমের ছেলে শাহজাহান কুমিল্লা খিরনশাল কাজী জাফর আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজাহানের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকের লাখ লাখ টাকা আত্মসাৎ ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

তিনি বলেন, “২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের আমানতের এক কোটি ৯৯ লাখ ২৫ হাজার টাকা শাহজাহান আত্মসাৎ করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া যায়।”

এছাড়া দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ছয় কোটি ৫৭ লাখ ৮৩ হাজার ৭৩৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে শাহজাহারের বিরুদ্ধে।