জুলহাজ-তনয় হত্যা: আবারও প্রতিবেদন দিতে ব্যর্থ পুলিশ
রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার ঘটনায় করা দুটি মামলার তদন্ত প্রতিবেদন আবারও জমা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ। এজন্য আগামী ৮ মে নতুন তারিখ রাখা হয়েছে।
এ নিয়ে পরপর ১২টি নির্ধারিত তারিখে আলোচিত মামলা দুটির প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলেন তদন্ত কর্মকর্তারা।
এর আগে গত ৯ মার্চ প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল।
আদালতের সংশ্লিষ্ট শাখার পুলিশ সদস্য নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার মামলা দুটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তারা তা জমা দিতে না পারায় ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান ৮ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন।
মামলা দুটির মধ্যে হত্যা মামলার তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলা তদন্তের দায়িত্বে রয়েছেন একই সংস্থার পরিদর্শক নুরুল আফসার।
মামলা দুটিতে এখন পর্যন্ত শরীফুল ইসলাম কেরামত এবং রাশিদুন্নবী ভূইয়া টিপু নামের দুই আসামি গ্রেপ্তার করা হয়েছে।
গত বছর ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে ইউএসএইড কর্মকর্তা ও সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান এবং তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় কলাবাগান থানায় মামলা করা হয়।
নিহত জুলহাজ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। হত্যাকাণ্ডের আগে ‘রূপবান’ নামের একটি ম্যাগাজিন সম্পাদনার পাশাপাশি উন্নয়ন সংস্থা ইউএসএইডে কাজ করতেন তিনি।
