২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলহাজ-তনয় হত্যা: দশমবারের মতো প্রতিবেদন দিতে ব্যর্থ পুলিশ

রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার ঘটনায় হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় তদন্ত প্রতিবেদন বুধবারও জমা দিতে পারেনি পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 12:14 AM

Updated : 19 Aug 2022, 03:44 PM

এ নিয়ে আলোচিত এ মামলায় প্রতিবেদন জমার জন্য ১০টি তারিখ পেরিয়ে গেল বলে আদালত সংশ্লিষ্ট পুলিশ সদস্য নূরুল ইসলাম জানান।

এর আগে গত ১০ জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার দিন ছিল।

বুধবার প্রতিবেদন দাখিল না হওয়ায় ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের নতুন তারিখ রেখেছেন ৯ মার্চ।

মামলা দুটির মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলার তদন্ত করছেন একই সংস্থার পরিদর্শক নুরুল আফসার।

নূরুল জানান, এ মামলায শরীফুল ইসলাম কেরামত ও রাশিদুন্নবী ভূইয়া টিপু নামের দুই আসামি গ্রেপ্তার আছেন।

গত বছর ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে ইউএসএইড কর্মকর্তা ও সমকামী অধিকারকর্মী জুলহাস মান্নান এবং তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

ওই ঘটনায় কলাবাগান থানায় মামলা দায়ের করা হয়।

নিহত জুলহাজ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। হত্যাকাণ্ডের আগে ‘রূপবান’ নামের একটি ম্যাগাজিনের সম্পাদনার পাশাপাশি উন্নয়ন সংস্থা ইউএসএইডে কাজ করতেন তিনি।