গণমাধ্যমে করপোরেট সংস্কৃতির প্রবেশ নিয়ে ভাবতে হবে: রাষ্ট্রপতি
গণমাধ্যমে করপোরেট সংস্কৃতির প্রবেশের ফলে সংবাদের বস্তুনিষ্ঠতা ও মান কতটুকু বেড়েছে তা সংশ্লিষ্টদের ভেবে দেখার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
একই সঙ্গে সংবাদ জগতের বাইরের কেউ যাতে গণমাধ্যমে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “...বাইরের কেউ যাতে গণমাধ্যমের ব্যাপারে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ষাটের দশকের সাংবাদিকতার পরিবেশ আর আজকের পরিবেশ আকাশ-পাতাল পার্থক্য।
“আজকাল গণমাধ্যম ক্রমেই করপোরেট সংস্কৃতির দিকে ঝুঁকে যাচ্ছে। এতে গণমাধ্যমের বিকাশ ঘটলেও সংবাদের বস্তুনিষ্ঠতা ও মান কতটুকু বেড়েছে তা ভেবে দেখতে হবে। তা ছাড়া করপোরেট সোস্যাল রেসপন্সিবিলিটিও যথাযথভাবে পালন করতে হবে।”
দৈনিক সংবাদের সাবেক সম্পাদক বজলুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ জাদুঘর ‘মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার’ জন্য এই পদক দেয়।
গণমাধ্যমকে তথ্যভিত্তিক সমালোচনার আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, “আপনারা সরকারের এমনকি আমার নিজেরও সমালোচনা করবেন। তবে মনে রাখতে হবে তা যেন তথ্যভিত্তিক হয়। কোনোভাবেই যেন একপেশে না হয়। গঠনমূলক সমালোচনা সরকার পরিচালনা ও জাতিগঠনে সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
রাষ্ট্রপতি বলেন, “গণমাধ্যম ও গণতন্ত্র একে অপরের পরিপূরক । গণতন্ত্র ছাড়া সমাজে যেমন মানবাধিকার প্রতিষ্ঠা হয় না তেমন ব্যক্তিস্বাতন্ত্র্যেরও বিকাশ ঘটে না। গণতন্ত্র বিকশিত হলে গণমাধ্যমের প্রসার ঘটে। আবার গণতন্ত্র বাধাগ্রস্ত হলে গণমাধ্যমের উন্নয়নও ব্যাহত হয়।
এবার মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে পদক পান সমকালের প্রতিবেদক ওয়াকিল আহমেদ হিরন এবং ইলেকট্রনিক মিডিয়ায় যমুনা টেলিভিশনের উপ-সম্পাদক আলাউদ্দিন আহমেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, জিয়াউদ্দিন তারিক আলী প্রমুখ।
