২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় অপহরণ ‘চক্রান্ত’: তদন্ত প্রতিবেদন আরও পেছালো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা আবারও পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2017, 04:24 PM

Updated : 19 Aug 2022, 04:17 PM

রোববার প্রতিবেদন জমার ধার্য দিনে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত তা না দিয়ে আরও সময় চান।

তার বক্তব্য শুনে ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৫ মে নতুন তারিখ রাখেন।

এ মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ এ নিয়ে একাদশবারের মত পেছাল বলে আদালত পুলিশের এস আই জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

যুক্তরাষ্ট্র প্রবাসী জয়ের ব্যক্তিগত তথ্য পেতে সে দেশে থাকা এক বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজার এফবিআইয়ের এক কর্মকর্তাকে ঘুষ দিয়েছিলেন বলে দেশটির আদালতে প্রমাণিত হয় গত বছর।

যুক্তরাষ্ট্রের আদালতের নথিতে দেখা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের ক্ষতি করার লক্ষ্যে তার ব্যক্তিগত তথ্য পেতে আসামি এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দিয়েছিলেন। 

ঘুষ দিয়ে তথ্য পাওয়ার পর সিজার বাংলাদেশি ‘একজন সাংবাদিককে’ তা সরবরাহ করেছিলেন এবং বিনিময়ে ‘প্রায় ৩০ হাজার ডলার’ পেয়েছিলেন বলেও নথিতে উল্লেখ করা হয়।

ওই রায়ের পর জয়কে অপহরণ চক্রান্তের অভিযোগ তুলে ২০১৫ সালের ৪ অগাস্ট ঢাকার পল্টন থানায় পুলিশ একটি মামলা করে, যাতে সিজারের বাবা প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ মামুনসহ দলটির শীর্ষ নেতাদের আসামি করা হয়।

পরে যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান ও আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকেও এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।