২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যানারির বর্জ্যে মুরগির খাবার নয়, আগের রায়ই বহাল

হাজারীবাগে ট্যানারির বর্জ্য ব্যবহার করে হাঁস-মুরগি ও মাছের খাবার তৈরির কারখানাগুলো বন্ধে আগের রায়ই বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2017, 11:59 AM

Updated : 11 Apr 2022, 11:22 PM

পাঁচ বছর আগে দেওয়া হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে পোল্ট্রি ও মাছের খাবার প্রস্তুতকারকদের সমিতির করা আপিলের আবেদন গতবছর ডিসেম্বরে খারিজ করে দিয়েছিল আপিল বিভাগ।

সমিতির করা আপিল পুনরুজ্জীবিত (আপিল ফর রিস্টোরেশন) করার আবেদনও রোববার খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন চার বিচারকের বেঞ্চ।

বিষয়টি হাই কোর্টে এসেছিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা একটি রিট আবেদনে। আপিল বিভাগে তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

আদেশের পর তিনি বলেন, “আপিল পুনরুজ্জীবিত করার আবেদনটিও খারিজ হওয়ায় কারখানাগুলো বন্ধ করতে আর কোন আইনি বাধা নেই।”

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিট আবেদনের নিষ্পত্তি করে ২০১১ সালের ২১ জুলাই হাজারীবাগে ট্যানারির বর্জ্য ব্যবহার করে হাঁস-মুরগি ও মাছের খাবার তৈরির কারখানা বন্ধের নির্দেশ দেয় হাই কোর্ট।

পাশাপাশি ট্যানারির বর্জ্য দিয়ে হাঁস-মুরগি ও মাছের খাবার উৎপাদনকাজে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং পোল্ট্রি ফুড উৎপাদনে ট্যানারি বর্জ‌্যের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা করার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ফিশ মিট ও অ্যানিমেল গ্লু প্রস্তুতকারক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। গত বছরের ৭ ডিসেম্বর ওই আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ।

গোলাম সারওয়ার এরপর আপিল পুনরুজ্জীবিত করার আবেদন করলেও তা ধোপে টিকল না।