২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-মোদী শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

সফরের ব্যস্ততম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠক শেষ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুমন মাহবুব

নয়া দিল্লি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2017, 12:45 PM

Updated : 11 Oct 2022, 01:44 PM

পুরনো খবর:

শীর্ষ বৈঠকে বসছেন হাসিনা-মোদী

শনিবার দুপুরে হায়দ্রাবাদ হাউজে একান্ত বৈঠকের পরপরই শীর্ষ বৈঠক হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে এক টুইটে বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নির্মাণে এই বৈঠকে দুই দেশের নেতৃত্ব দেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী।  

শীর্ষ বৈঠকের পর দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই হবে।

এর মধ্যে প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, পরমাণু বিদ্যুৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, ঋণ সহযোগিতা, বর্ডার হাট স্থাপন, কমিউনিটি ক্লিনিক স্থাপন এবং বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার চুক্তি ও এমওইউ থাকছে।

শেখ হাসিনার এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে বলে আশাবাদ প্রকাশ করেছেন মোদী।

শুক্রবার নয়া দিল্লিতে নামার পর অপ্রত্যাশিতভাবেই মোদী বিমানবন্দরে উপস্থিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে।

এই সফরে শেখ হাসিনা থাকছেন রাষ্ট্রপতি ভবনে, যাও কোনো সরকার প্রধানের জন্য বিরল সম্মান বলে ভারতের কূটনীতিকরা জানিয়েছেন।

বন্ধুত্বকে বহতা নদীর সঙ্গে তুলনা করে শেখ হাসিনাও বলেছেন, তার এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছবে।

শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে মোদীর উপস্থিতিতে আনুষ্ঠানিক অভ্যর্থনা নেওয়ার পর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি সৌধে ফুল দিয়ে হায়াদ্রাবাদ হাউজে যান শেখ হাসিনা।

Image
একান্ত বৈঠকের আগে নয়া দিল্লির হায়াদ্রাবাদ হাউজে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী- ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

একান্ত বৈঠকের আগে নয়া দিল্লির হায়াদ্রাবাদ হাউজে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী- ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

দ্বিপক্ষীয় বৈঠকের পরের পর্বে শেখ হাসিনা ও মোদী হিন্দি ভাষায় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর’ মোড়ক উন্মোচন করবেন। সেখানে মধ্যাহ্ন ভোজের আগে যৌথ সংবাদ সম্মেলনে আসবেন তারা।

দিনের কর্মসূটিতে দ্বিপক্ষীয় বৈঠকের পর বিকালে মানেক শ সেন্টারে মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর শহীদদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। সাত শহীদ পরিবারের সদস্যের হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেবেন তিনি। সেখানে মোদীরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।