২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাকাণ্ডের বছর পেরোলেও নাজিমের খুনিরা ধরা না পড়ায় ক্ষোভ

অনলাইনে ধর্মান্ধতার বিরুদ্ধাচারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদকে হত্যার বছর পার হলেও বিচার কার্যক্রমের অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সরকারের কাছে জবাবদিহি চেয়েছেন তার সহযোদ্ধারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2017, 11:38 PM

Updated : 25 Jul 2022, 08:56 PM

শুক্রবার বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরে সামনে ‘নাজিমুদ্দিন সামাদের হত্যার এক বছর: রাষ্ট্র ও প্রশাসনের কী খবর!??’- লেখা ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে এই প্রতিবাদ জানান নাজিমউদ্দিনের রাজপথের সহযোদ্ধারা।

অবস্থান কর্মসূচি পালনের সময় গণজাগরণ মঞ্চের কর্মী সাজ্জাত সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বছর পেরিয়ে গেলেও নাজিমুদ্দিন হত্যার বিচারে কোনো অগ্রগতি নেই, বিচার নেই।

‍“সরকার এখন পর্যন্ত নাজিমুদ্দিন হত্যার সঙ্গে কে জড়িত কোনো ক্লু বের করতে পারিনি। পারেনি দীপন হত্যার, পারেনি অনন্ত হত্যার। সরকার কী করছে।”

মুক্তমনা ব্লগার নাজিমুদ্দিন হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন মাত্র ছয়জন।

সাজ্জাত সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন আর কেউ ব্লগারে হত্যাকাণ্ডে সেনসিটিভ ইস্যু মনে করে প্রতিবাদ কর্মসূচি করে না, আসে না। ভয়ে আছে, আসলেও দাঁড়িয়ে ছবি পর্যন্ত তুলতে চায় না; কারণ যদি চিহ্নিত হয়ে যায়।”

তিনি বলেন, ‍“সরকারকে জঙ্গিগোষ্ঠী কথা বলেছিলাম, কিন্তু সরকার আমলে নেয়নি; বরং ব্লগারদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকে সতর্ক করে দিয়েছেন।

“এই জঙ্গিরা হলি আর্টিজানে হামলার মধ্য দিয়ে দেশে অস্তিত্ব জানান দেয়। এখন দেশের সিলেট, মৌলভীবাজার ও চট্টগ্রামসহ জঙ্গি আস্তানা গড়েছে। যদি তখন সরকার আমলে নিত, তাহলে এত ব্লগারকে খুন হতে হত না।”

গত বছর ৬ এপ্রিল রাতে পুরান ঢাকায় খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র নাজিমুদ্দিন সামাদ। তিনি সিলেট শাখা বঙ্গবন্ধু যুব পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক এবং গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন।

রাজধানীর গেণ্ডারিয়ায় বাসায় ফেরার পথে সূত্রাপুরে তাকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করা হয়।

ফেইসবুকে ধর্মান্ধতা ও সমসাময়িক রাজনীতি নিয়ে সমালোচনামূলক লেখালেখি করা নাজিম খুন হওয়ার পর দেশ-বিদেশে নিন্দা হয়। হত্যাকারী চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে আন্দোলন শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যাদলয়ের শিক্ষার্থীরা।

আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা একিউআইএস এর বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সে সময় খবর দিয়েছিল ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’।

পুরনো খবর:

নাজিমুদ্দিন হত্যায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার
অনলাইনে ধর্মান্ধতার বিরুদ্ধাচারী জগন্নাথের ছাত্রকে কুপিয়ে হত্যা