এসএম সোলায়মান-লাকী ইনামকে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি সম্মাননা
‘সকল বৈষম্যের ঊর্ধ্বে জাগোরে নবীণ প্রাণ’ প্রতিপাদ্যে শিল্পকলা একাডেমিতে চলছে পদাতিক নাট্য সংসদের সপ্তাহব্যাপী সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব।
শুক্রবার সন্ধ্যায় প্রদান করা হয়েছে সৈয়দ বদরুদদীন হোসাইন স্মারক সম্মাননা। এ বছর এ সম্মাননা পেয়েছেন এস এম সোলায়মান (মরণোত্তর) ও লাকী ইনাম।
স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার ও নাট্যজন মামুনুর রশীদ। সভাপতিত্ব করেন পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনীন হোসাইন।
স্পিকার শিরীন শারমিন বলেন, “বাংলাদেশের মঞ্চ নাটক একটি শক্তিশালী মাধ্যম। মুক্তিযুদ্ধের দীর্ঘ সংগ্রাম, চেতনাই বাংলার মঞ্চনাটকের অনন্ত অনুপ্রেরণার উৎস। মঞ্চনাটকের কর্মীরা প্রতিটি সংগ্রাম আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। মঞ্চনাটকের মাধ্যমে তারা এক বলিষ্ঠ বার্তা পৌঁছে দিচ্ছে।”
সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মরণে তিনি বলেন, “সংস্কৃতিমনা এই মানুষটি ইতিহাসকে গভীরভাবে ভালোবাসতেন; ভালোবাসতেন এই দেশকে, সংস্কৃতিকে। দেশকে ভালোবেসেই তৎকালীন সময়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিটি সংগ্রাম, আন্দোলনে তিনি সম্পৃক্ত ছিলেন।”
এসএম সোলায়মানের পক্ষে স্মারক সম্মাননা গ্রহণ করে তার স্ত্রী রোকেয়া রফিক বেবী বলেন, “পদাতিক নাট্য সংসদ আমার নাট্যচর্চার আতুঁর ঘর। এ নাট্যদলটি নিজেদের অন্যতম প্রতিষ্ঠাতা এসএম সোলায়মানকে সম্মাননা দিল। তার পক্ষে এ সম্মাননা গ্রহণ করতে পেরে আমি গর্বিত।”
লাকী ইনাম বলেন, “প্রয়াত গুণী নাট্যজন এসএম সোলায়মানের সঙ্গে এ সম্মাননা পেয়ে আমি গর্বিত ও ধন্য। এসএম সোলায়মানের সঙ্গে আমার ঘনিষ্টতা, বন্ধুত্ব ছিল। তাকে অকালে হারিয়ে ফেলার মধ্য দিয়ে আমরা অনেক কিছু হারিয়েছি। সে থাকলে আমাদের নাট্যাঙ্গণ আরও অনেক কিছু পেত।”
স্মারক সম্মাননা প্রদান শেষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ভারতের নাট্যদল কার্টেন কল মঞ্চস্থ করে ‘অন্তবিহীন’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাট্যকটির নাট্যরূপ দিয়েছেন পিয়ালী চট্টোপাধ্যায়। নির্দেশনায় ছিলেন তীর্থংকর চট্টেপাধ্যায়।
পুরুষতান্ত্রিক সমাজে নারীর নিজস্ব অস্তিত্বরক্ষা আর অধিকাররক্ষার চিত্র উঠে এসেছে এ নাটকটিতে।
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ময়মনসিংহের অন্বেষা থিয়েটার মঞ্চস্থ করে ‘ভানু সুন্দরী’। উইলিয়াস শেকস্পিয়রের কালজয়ী নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী।
এর আগে জাতীয় নাট্যশালার বহিরাঙ্গণে পদাতিক নাট্য সংসদ মঞ্চস্থ করে পথনাটক ‘তাহাদের কথা’ এবং সংসদের সঙ্গীতশিল্পীরা পরিবেশন করেন নাটকের গান।
শনিবার উৎসবের চতুর্থ দিনে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে পদাতিক নাট্য সংসদ মঞ্চস্থ করবে ‘কালরাত্রি’। এছাড়াও জাতীয় নাট্যশালার বহিরাঙ্গণে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা।
শিল্পকলায় ‘বসন্ত বন্দনা’
সাপ্তাহিক ছুটির দিনে সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে বসন্তের গানের সুর ছড়িয়ে যায় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার আয়োজনে শুক্রবার এ নন্দন মঞ্চে হয় বসন্ত বন্দনার আয়োজন।
‘খোল, দ্বার খোল’ শিরোনামের এ আয়োজনে গান-নাচ আর পাঠের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে জানানো হয় বিদায়।
আয়োজনের শুরুতেই ‘ওরে গৃহবাসী খোল্, দ্বার খোল্, লাগল যে দোল’ গানের সঙ্গে ছিল নৃত্য।
অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার শিল্পীরা সম্মেলক কণ্ঠে গেয়ে শোনান ‘বিশ্ববীণা রবে’, ‘বসন্তে বসন্তে তোমার’, ‘আজ কি তাহার বারতা’, ‘ওরে বকুল পারুল’, ‘ফাগুনের নবীন আনন্দে’, ‘রং লাগালে বনে বনে’ ও ‘সব দিবি কে’।
একক কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন শারদ প্রতীতি, আশরাফুজ্জামান পিনু, এএসএম জাকারিয়া, শ্রেয়া ঘোষ, আব্দুল ওয়াদুদ, সাঈদা হোসেন পাপড়ি, আজিজুর রহমান তুহিন, অনিরুব্ধ সেনগুপ্ত ও বুলবুল ইসলাম। রবীন্দ্র রচনা থেকে পাঠ করেন ভাস্বর বন্দোপাধ্যায়।
পুরো আয়োজনের সঙ্গীত পরিচালনায় ছিলেন আব্দুল ওয়াদুদ ও নৃত্য পরিচালনায় ছিলেন শর্মিলা বন্দোপাধ্যায়। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কৃষ্টি হেফাজ।
‘১৯৭১: স্মৃতিতে চৈতন্যে, প্রজাপতি পলায়ন ও রক্ত’
সেলিম সোলায়মানের মুক্তিযুদ্ধভিত্তিক বই ‘১৯৭১: স্মৃতিতে চৈতন্যে, প্রজাপতি পলায়ন ও রক্ত’ নামে গ্রন্থ প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা তাম্রলিপি।
শুক্রবার বিকালে বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়, যাতে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি প্রাবন্ধিক মফিদুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী মানিক দে।
অনুষ্ঠানের আরেক অতিথি জসিম উদ্দিনের পাঠানো ‘ভয়েস বক্তৃতা’ মোবাইলে শোনান লেখক সেলিম সোলায়মান।
মুহম্মদ জাফর ইকবাল বলেন, “প্রথম বই লেখাটা একটা সাংঘাতিক ব্যাপার। একজন বালকের চোখে দেখা মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো তুলে ধরা নিঃসন্দেহে কষ্টকর। স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্ম যখন ভুলতে শুরু করেছে, সে সময়ে লেখকের বইটি নতুন প্রজন্মের জন্য অনেক ফলপ্রসু হবে।”
এসময় জাফর ইকবাল ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাজাকার আল বদরদের গাড়িতে এদেশের লাল-সবুজের পতাকা উড়েছে এবং তারা ক্ষমতায় এসেছে, এ বিষয়টি মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের জন্য নিঃসন্দেহে অনেক বেশি কষ্টের।
“সেলিম সোলায়মানের বইটিতে শুধু নির্যাতনের কথাই উঠে আসেনি, উঠে এসেছে ফুল পাখি ও প্রজাপতির সাথে বেড়ে উঠার গল্প। রূপালী ইলিশের চমকিত কাহিনি।”
সারা বিশ্বের মানুষদের কাছে এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও এর নৃশংসতা তুলে ধরার জন্য মুক্তিযুদ্ধের সবগুলো বই সংগ্রহ করে সেটির একটি ডিজিটাল লাইব্রেরি করার ইচ্ছাও ব্যক্ত করেন জাফর ইকবাল।
