জঙ্গি দমনে সৌদির সঙ্গে: হাসিনা
জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাবা শরিফ ও মসজিদে নববী কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ বিন নাসের মোহাম্মাদ আল খুজাইম এবং মসজিদে নববীর ইমাম আবদুল মেহসিন বিন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-কাসিমের উপস্থিতিতে বৃহস্পতিবার ঢাকায় ওলামা-মাশায়েখদের এক সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের নেতৃত্বে ২০১৫ সালে ৩৪টি মুসলিম দেশের নতুন একটি সামরিক জোট হয়। ‘ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স টু ফাইট টেররিজম’নামের ওই জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেও সেখানে সৈন্য পাঠানো হবে কি না সে বিষয়ে কিছু বলেনি সরকার।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সব সময় তার পাশে থাকবে। এক হয়ে আমরা কাজ করব, আমাদের এই পবিত্র ধর্মের সম্মান কেউ যেন ক্ষুণ্ন করতে না পারে।
“যারা শান্তিতে বিশ্বাস করে, তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস দমনে তিনি ভূমিকা রেখে যাচ্ছেন।”
তিনি বলেন, “আমি মনে করি,কোনো একটা মহল থেকে আমাদের এই পবিত্র ধর্মকে কলুষিত করবার জন্যই আজকে চক্রান্ত চলছে।
“আজকে যদি আমি প্রশ্ন করি,এই যে জঙ্গি, সন্ত্রাসবাদ আর যুদ্ধ লেগে থাকে,তাতে লাভবান হয় কারা? যারা অস্ত্র তৈরি করে,অস্ত্র বিক্রি করে,তারা লাভবান হয়।”
শেখ হাসিনা বলেন, “এই লাভটা কার বিনিময়ে? মুসলমানরা মুসলমানদের রক্ত নিচ্ছে। মুসলমান মুসলমানকে হত্যা করছে। মুসলমানের রক্তের বিনিময়ে অন্যরা লাভবান হয়ে যাচ্ছে।”
সৌদি বাদশাহর উদ্যোগে বিশ্বে শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা: “প্রতিটি দেশের মুসলমানদের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। তিনি যে উদ্যোগ নিয়েছেন তা যেন কার্যকর হয়।”
বাংলাদেশে ইসলামের প্রচারে ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে আল-খুজাইম বলেন, “বিভিন্ন জায়গা থেকে ইমামরা এসেছেন। তাদের বলব,মানুষকে কীভাবে ভালো চরিত্রবান রূপে গড়ে তোলা যায় সে প্রচেষ্টা করবেন।
“নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করা ইসলামে বড় অন্যায়। এমনকি বিধর্মীকেও একজন মুসলমান অন্যায়ভাবে হত্যা করতে পারে না।”
মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র দুই মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা এই ইসলামি পণ্ডিত বলেন, “একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে হত্যা করে, তবে তাকে জাহান্নামের আগুন থেকে কেউ রক্ষা করতে পারবে না।
“যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে যুক্ত তাদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তাদের জন্য জাহান্নাম… যারা দেশের শান্তি বিনষ্ট করে। যারা সন্ত্রাস জঙ্গিবাদের সঙ্গে জড়িত তারা জাহান্নামে যাবে।”
সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার কথা বলেন আল-খুজাইম।
আল-খুজাইম বলেন, “বাংলাদেশও একটা রাষ্ট্র যে দেশ সফলভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছে।”
মসজিদে নববীর ইমাম আল-কাসিম বলেন, “ইসলাম একে অপরকে শ্রদ্ধা করা শিখিয়েছে। আমাদের ধর্ম ভাতৃত্ববোধের শিক্ষা দেয়।
“ইসলাম হচ্ছে, ক্ষমা করার ধর্ম। অন্যকে সম্মান করা-এটাই হলো ইসলাম।”
আল খুজাইম ও আল-কাসিমের বক্তব্যের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, “দুজন মেহমানের আগমন বাংলাদেশের জনগণকে দারুণভাবে উজ্জীবিত করবে।
“তাদের এই বক্তব্য আমাদের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী পদক্ষেপকে আরও সুদৃঢ় করবে।”
পবিত্র কোরআন শরিফ পাঠের মধ্য দিয়ে এই ইমাম সম্মেলনে কার্যক্রম শুরু হয়।
শুরুতেই প্রধানমন্ত্রী আল -খুজাইম ও আল- কাসিমের হাতে ক্রেস্ট তুলে দেন।
ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফযাল।
