২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট হামলার বিচার শেষ না হওয়ায় উদ্বেগ আইপিইউর

ঘটনার পর এক যুগ পেরিয়ে গেলেও ২১ অগাস্ট গ্রেনেড হামলার বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আইপিইউ’র ‘কমিটি অন দ্য হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ান’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 04:18 PM

Updated : 19 Aug 2022, 04:15 PM

কমিটির এই সংক্রান্ত একটি প্রতিবেদন আইপিইউ’র গভর্নিং কাউন্সিল গ্রহণ করেছে।

কমিটির গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, “কমিটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে ঘটনার পর ১২ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মূল পরিকল্পনাকারী আদালতের দ্বারা দোষী সাব্যস্ত হয়নি।”

কমিটি আশা করছে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ওই হামলার মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তি হবে।

২০০৪ সালের ২১ অগাস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।

তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আমলে মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার আমলে এই মামলার অভিযোগপত্র দেওয়া হয়।

আওয়ামী লীগের গত আট বছরের শাসনকালে মামলার সম্পূরক অভিযোগপত্র দেওয়ার পাশাপাশি শুনানি অব্যাহত রয়েছে।

Image
২১ অগাস্ট গ্রেনেড হামলার পরের ছবি

২১ অগাস্ট গ্রেনেড হামলার পরের ছবি

আইপিইউ’র ‘কমিটি অন দ্য হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ান’ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তির আশাও প্রকাশ করেছে।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া।

আইপিইউ’র ‘কমিটি অন দ্য হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ান’ বিশ্বের বিভিন্ন দেশের এমপিদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা করে।

কমিটির সভাপতি আফগানিস্তানের আইনপ্রণেতা ফৌজিয়া কুফি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, “কমিটিতে বাংলাদেশের পক্ষ থেকে এ দুটি বিষয়ে জানানো হয়েছে। আমরা জেনেছি এদুটো বিষয়ই বিচারাধীন। কমিটি আশা করছে মামলা দুটির ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল’ হবে।”

ফৌজিয়া বলেন, “কমিটি বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রীর পরিবার এবং অভিযুক্তদের মামলাটির বিষয়ে সময়ে সময়ে যথাযথভাবে অবহিত করতে বলেছে।”

কমিটির গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, “বিলম্বিত বিচার বিচারহীনতার সামিল। কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া এই ঘৃন্যতম অপরাধের জাতীয়-আন্তর্জাতিক মানের বিচার দ্রুত হওয়া উচিত।”

বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ এ বিষয়টি পর্যবেক্ষণে রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পরবর্তীতেও আইপিইউ’র এই কমিটি মামলাটির অগ্রগতি নিয়ে আলোচনা করবে।

আইপিইউ সদর দপ্তরের মুখপাত্র জ্যাঁ মিলিগান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হিউম্যান রাইটস কমিটির প্রস্তাবনা সংক্রান্ত প্রতিবেদন গভর্নিং কাউন্সিলে ‘এডাপ্ট’ করা হয়েছ।”

Image
জ্যঁ মিলিগান

জ্যঁ মিলিগান

২০১৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত কমিটির ১৯৭তম অধিবেশনে ২১ অগাস্ট ও কিবরিয়া হত্যার মামলার বিষয়ে আলোচনার জন্য প্রস্তাব গ্রহণ করা হয়। পরবর্তীতে এই মামলার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আইপিইউকে তথ্য সরবরাহ করা হয়।

কমিটির এবারের অধিবেশনে গৃহীত প্রস্তাবে বলা হয়, এই মামলায় অভিযুক্তদের মধ্যে ১৮ জন বিদেশে পালিয়ে আছে। এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।

আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং জানান, বিভিন্ন দেশ থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে অভিযোগের ভিত্তিতে কমিটি বিষয় ‘কেস’ নিয়ে আলোচনা করে। কোনো দেশে কোনো আইনপ্রণেতার মানবাধিকার লঙ্ঘন হলে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে ওই এমপির মানবাধিকার রক্ষার বিষয়ে তারা কথা বলেন।

“কোনো এমপি যদি অপরাধে জড়িত হয়ে আইনের মুখোমুখি হয় তবে আইপিইউ সেটাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে ধরে না।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে এমপিদের মানবাধিকার লঙ্ঘন বিষয়ে ৪৫৯টি ঘটনা কমিটির কাছে উপস্থাপিত হয়েছে। এরমধ্যে ঢাকায় সম্মেলন চলাকালীন ১৪৭টি ঘটনা নিয়ে আলোচনা করেছে।

কমিটির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য বাংলাদেশের এবিএম ফজলে করিম চৌধুরী জানান, প্রতিবছর তিনবার কমিটির বৈঠক হয়। যথাযথ প্রমাণসহ কোনো ব্যক্তি যদি কমিটির কাছে অভিযোগ করলে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এদিকে কমিটি ফিলিপিন্স, তুরস্ক, ভেনিজুয়েলায় আইনপ্রণেতাদের অধিকার লঙ্ঘনের বিষয়ে ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করাতে বলেছে।

এছাড়া মালয়েশিয়ার বিরোধী দলীয় নেতা আনেয়ার ইব্রাহিমের মুক্তি দাবি করেছে এমপিদের মানবাধিকার সুরক্ষার নিয়ে কাজ করা এই কমিটি।