ময়মনসিংহের সাত জঙ্গির ‘নেতা’ আটক
ময়মনসিংহ শহরের কালীবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার সাত জঙ্গির ‘নেতা’ নাঈমকে (২৮) ঢাকা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাজধানীর ভাসানটেক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর রেঞ্জের উপ-কমিশনার মাসুদ আহমেদ।
তিনি বলেন, “গ্রেপ্তার নাঈম নব্য জেএমবির নেতা। গতকাল (মঙ্গলবার) রাতেই তাকে ময়মনসিংহ পুলিশ নিয়ে গেছে।”
গত সোমবার দুপুরে ময়মনসিংহ শহরের কালীবাড়ি এলাকায় সোহাগ পার্টি সেন্টারের বিপরীতে একটি একতলা বাড়িতে অভিযান চালিয়ে এক মেডিকেল শিক্ষার্থীসহ সাতজনকে আটক করা হয়, যারা জঙ্গি সংগঠনে জড়িত বলে পুলিশের ধারণা।
আটকরা হলেন- নেত্রকোণার মেহনগঞ্জ উপজেলার সুরুজ মিয়ার ছেলে ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র নাসির উদ্দিন (২৩), হালুয়াঘাট উপজেলার মারফত আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), একই উপজেলার আইন উদ্দিনের ছেলে আশিকুর রহমান (১৯), নেত্রকোণার পূর্বধলা উপজেলার হাবিবুর রহমানের ছেলে মাসুম আহমেদ (৩০), ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ইকবাল হেসেনের ছেলে আল আমীন (২৫), রোমান মিয়া (২৫) ও শাহ আল হাসান শামীম (২৫)।
তাদের কাছ থেকে বেশ কিছু উগ্র মতবাদের বই, ল্যাপটপ, কম্পিউটারসহ ইলেকট্রনিক্স সরঞ্জাম এবং ৭০ লাখ টাকার চেক জব্দ করা হয় বলে ওইদিন জানিয়েছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
‘জঙ্গিনেতা’ নাঈমকে গ্রেপ্তারের বিষয়ে সৈয়দ নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কালীবাড়ি থেকে আটক জঙ্গিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে সে ছিল এদের নেতা। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
কালীবাড়ি থেকে গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় বুধবার তাদেরকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
