২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের চেয়ে আমরা এগিয়ে: পুলিশ প্রধান

জঙ্গি আস্তানা খুঁজে খুঁজে অভিযান চালানোর কথা তুলে ধরে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিদের চেয়ে পুলিশের কার্যক্রম বেশি, এই ‘লড়াইয়ে’ এগিয়ে আছেন তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 11:39 PM

Updated : 11 Oct 2022, 01:43 PM

গত মাসে সিলেটে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে বোমার বিস্ফোরণে পুলিশ-র‌্যাবের কর্মকর্তাসহ সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা থেকে পুলিশ শিক্ষা নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গত ২৫ মার্চ ওই বিস্ফোরণে নিহত র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের আত্মার শান্তি কামনা করে মঙ্গলবার র‌্যাব সদরদপ্তরে আয়োজিত মিলাদে অংশ নেন শহীদুল হক।

জঙ্গি দমনে আইন-শৃঙ্খলা বাহিনী কী প্রস্তুতি নিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “জঙ্গিদের চেয়ে আমাদের কার্যক্রম বেশি। জঙ্গিরা গোপনে গোপনে কোথায় আস্তানা করে, আমরা পেছনে থেকে থেকে আস্তানা বের করে অভিযান করতেছি।

“জঙ্গিদের চেয়ে আমরা বেশি এগিয়ে আছি। কিন্তু একটা যুদ্ধক্ষেত্র থাকলে উভয়ে কমবেশি হতাহত হবে।কিন্তু কাদের ক্যাজুয়ালটি বেশি দেখতে হবে। কাদের অবস্থা দুর্বল হয়েছে।”

গত বছর গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গিরা ‘দুর্বল’ হয়ে গিয়েছিল মন্তব্য করে আইজিপি বলেন, “এগুলো (জঙ্গি) নতুন রিক্রুট। এগুলো শিক্ষিত না, কেউ কেউ রিকশা চালাত, খেটে খাওয়া মানুষ। এগুলোকে ধরে ধরে এনে তারা জঙ্গি বানিয়েছে।”

জঙ্গিদের রিক্রুটমেন্ট ঠেকাতে সমাজের সবার সহযোগিতা চান তিনি।

“প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

জঙ্গিদের পক্ষে যায় এমন কোনো কথা বলা থেকে বিরত থাকার আহ্বান জানান শহীদুল হক।

তিনি বলেন, “শতভাগ স্বচ্ছতা নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে আমাদের সবাই কাজ করতেছে। এই জিনিসটা আপনাদের (সাংবাদিক) বুঝতে হবে।

“আপনারাতো অনেক সহায়তা করতেছেন। সত্যিকারের জঙ্গিদের পরিচিতি কিন্তু আপনারা উদ্ঘাটন করতেছেন।”

মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করেন আইজিপি: “তার পরিবার স্বীকার করতেছে যে জঙ্গি হয়ে গেছে, আর বাহির থেকে কেউ বলবে না এগুলো খেলা। এ সমস্ত খেলার কথা বন্ধ করতে হবে।”

অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ র‌্যাব ও পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।