গানে-কবিতায় সনজীদা খাতুনের জন্মদিন উদযাপন
পঁচাশিতম জন্মদিনে প্রিয় মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশের সংস্কৃতি আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সনজীদা খাতুন।
মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির বাসায় জন্মদিনের আয়োজনে ছিল না আড়ম্বর, ছিল না বিশেষ আয়োজন। তবুও তার অনুজ সাংস্কৃতিক কর্মীরা ঠিকই ছুটে গেলেন ‘প্রিয় মিনু আপা’র বাসায়।
বার্ধক্যের কারণে আগের মতো ছুটতে পারেন না সনজীদা খাতুন, তার জন্য আক্ষেপের সীমা নেই। জন্মদিনের আগের দিনও তিনি বলছিলেন, আগের মতো শক্তি থাকলে, গান নিয়ে ছুটতেন গ্রামের মানুষের কাছে।
তিনি ছুটতে পারেন না, তাই তো সবাই তার কাছে এসেছিলেন।
ভোরে পারিবারিকভাবে শুরু হয় জন্মদিনের আনুষ্ঠানিকতা। গানের সুর ভালোবাসার কথা হয়ে উঠে প্রিয়জনের কণ্ঠে। লাইসা আহমেদ লিসা, পার্থ তানভীর নবেদ, আব্দুল ওয়াদুদ সবাই গেয়ে উঠলেন, “আনন্দধ্বনি জাগাও গগনে। কে আছ জাগিয়া পুরবে চাহিয়া, বলো ‘উঠ উঠ’ সঘনে গভীরনিদ্রামগনে”।
আব্দুল ওয়াদুদ গাইলেন ‘তুমি রবে নীরবে’। প্রদীপ কুমার আগরওয়াল পড়ে শোনালেন ভবানীপ্রসাদ মুখোপাধ্যায়ের কবিতা ‘বাংলাটা ঠিক আসে না’।
এরই ফাঁকে ভক্তের অনুরোধ মেটাতে সনজীদা খাতুন পাঠ করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রশ্ন’ কবিতাটি। সুতপা সাহা গাইলেন ‘তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয়মাঝে’।
সাতসকালে চলে এসেছিলেন বড় বোন মাহমুদা খাতুন, খানিক পরেই এলেন ফাহমিদা খাতুন।
ফাহমিদা খাতুন বললেন, “জন্মদিনে তিন বোনের দেখা হয়। ভালো লাগে। এমনিতে আমাদের মাঝে মধ্যেই দেখা হয়, কথা হয়। তবে জন্মদিনের আনন্দটা তো অন্যরকম। না এলে ভালো লাগে না।”
এসেছিলেন ছায়ানটের শিল্পী, সদস্য ও শিক্ষকরা। নালন্দার শিশু শিক্ষার্থীরা এসেছিল বিকালে, ‘বড় আপুমনি’কে ঘিরে তাদের হাজারটা কথা, নানান আবদার। হাসিমুখে সব শুনেছেন পঁচাশি বছরের সনজীদা খাতুন। এর মাঝে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, চলচ্চিত্রকার মানজারে হাসীন মুরাদ।
শামীম আরা নীপাকে সংবর্ধনা
সম্প্রতি একুশে পদকে ভূষিত হয়েছেন নন্দিত নৃত্যশিল্পী শামীম আরা নীপা। এই অর্জন উপলক্ষে তাকে দেওয়া হয়েছে সংবর্ধনা।
মঙ্গলবার রাতে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নৃত্য সংগঠন নৃত্যাঞ্চল। বিশিষ্টজনদের ফুলেল শুভেচ্ছার পাশাপাশি নীপাকে নিবেদিত কথনে আননন্দময় হয়ে ওঠে এই আয়োজন।
সংবর্ধনাপ্রাপ্তির অনুভতি প্রকাশ করেন শামীম আরা নীপা বলেন, “এ আয়োজনকে ঘিরে আমার ভালোলাগার মানুষগুলোকে একসাথে পেলাম। তাদের সঙ্গে নিজের সাফল্যের উদযাপনটা ভাগাভাগি করে নিলাম। এটাও আমার কাছে আরেক ধরনের প্রাপ্তি।”
তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন নৃত্যগুরু রাহিজা খানম ঝুনু, নৃত্যশিল্পী লায়লা হাসান, আমানুল হক, জিনাত বরকতউল্লাহ, আনিসুল হক হিরু, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক হারুন অর রশীদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, কিরণ চন্দ্র রায় ।
রবিরশ্মির সংগীতসন্ধ্যা
চৈতালী সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ছিল রবীন্দ্র সংগীতের আসর।
বসন্ত বন্দনার এ সঙ্গীতসন্ধ্যায় প্রকৃতি পর্যায়ের সঙ্গে গীত হলো রবীন্দ্রনাথের প্রেম ও পূজা পর্যায়েরও কিছু গান। সংগীত সংগঠন রবিরশ্মির এই আয়োজনের শিরোনাম ছিল ‘বইল প্রাণে দখিণ হাওয়া’।
সম্মেলক গানের সুরে অনুষ্ঠানের সূচনা হয়; গীত হয় বিশ্ব বীণা রবে বিশ্বজন মোহিছে/স্থলে জলে নভতলে বনে উপবনে’। ঋতুরাজের বন্দনা করা সম্মিলিত কণ্ঠের দ্বিতীয় গানের শিরোনাম ছিল ‘দখিন হাওয়া জাগো/ধীরে ধীরে বও’। গান শোনান পারমিনা তোড়া উইলিয়াম, শারমিন আক্তার স্বর্ণা, রাজিব ফেরদৌস, দীপা ধর, ফারমিন ইসলাম ইমা, দিলীপ কুমার, দীপ্তি চৌধুরী, মাকসুদা খানম,শামীম আরা বেগম, তন্বী বিশ্বাস ও মহাদেব ঘোষ। একক গানের মাঝে পরিবেশিত হয় ‘বসন্ত ফুল গাঁথল আমার জয়ের মালা’ এবং ‘ও মঞ্জুরী আমার আমের মঞ্জুরী’ শীর্ষক সম্মেলক সংগীত।
শিল্পকলায় ‘পুতুলের বিয়ে’
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে মঞ্চস্থ হল ঢাকা আর্ট থিয়েটারের নাটক ‘পুতুলের বিয়ে’। নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী এ নাটকটির প্রযোজক।
বাঁশরী নজরুল চর্চা কেন্দ্রের মুখপাত্র শামস উজ্জ্বল বলেন, “বিশ্বজুড়ে ধর্মে-ধর্মে হানাহানি, ধনী-গরিব অসাম্য, সাদা-কালো বৈষম্য, দুর্বলের প্রতি সবলের অত্যাচার চলছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কবি কাজী নজরুল ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হওয়া ছাড়া আর কোনো গতি নাই।”
“নাটক ‘পুতুলের বিয়ে’তে নজরুল গেয়েছেন মানুষের জয়গান। পুতুল খেলার ছলে নজরুল সকলের মধ্যে মিলনের বাঁশি বাজিয়েছেন এই নাটকে। উদ্ভূত পরিস্থিতিতে মানুষের মধ্যে মিলনের বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যে নাটকটি মঞ্চস্থ করছি আমরা।”
‘পুতুলের বিয়ে’ নাটকে পুতুলের চরিত্রে অভিনয় করেছে প্রিন্স, নতুন, আওয়াল, রেজা, নতুন আহসান, তাহছিন। ‘কমলী’ চরিত্রে সানাম ফয়েজ, ‘টুনী’ চরিত্রে কানিজ ফাতিমা লিনা, ‘পঞ্চী’ চরিত্রে তাবাসসুম মুন্নী, ‘বেগম’ চরিত্রে কাশপিয়া সুলতানা, ‘মনি’ চরিত্রে সাঈদ, ‘পুরোহিত’ চরিত্রে মেহেদি হাসান অভিনয় করেছেন।
