২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

অব্যাহতি পাওয়া একজন সহকারী অধ্যাপককে চাকরিতে বহালের আদেশ প্রতিপালন না করায় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 03:39 PM

Updated : 11 Oct 2022, 01:43 PM

‍বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করে।

আদালত অবমাননার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা দুই সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে তাকে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সাইয়েদা ফাহমিদা বেগম ২০০৯ সালের ১৯ ডিসেম্বর থেকে দুই মাসের অনুমোদিত ছুটিতে থাকার পরও ওই তারিখ থেকে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।২০১০ সালের ১২ অগাস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত দেয়।

এরপর তা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদন করেন ফাহমিদা বেগম। হাই কোর্ট প্রথমে এ বিষয়ে রুল জারি করে এবং পরে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ রুল শুনানি করে ২০১৬ সালের ২৯ অগাস্ট ফাহমিদার পক্ষে রায় দেয়।

রায়ের কপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছালে ফাহমিদা গতবছর ডিসেম্বরে রেজিস্ট্রারের বরাবরে যোগদানপত্র দাখিল করে ক্লাস নেওয়ার অনুমতি চান।

কিন্তু রেজিস্ট্রার কোনো উদ্যোগ না নেওয়ায় আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিস পাঠান ওই শিক্ষক। তারপরও তার চাকরিতে যোগদানের বিষয়ে কোনো উদ্যোগে না নেওয়ায় ফাহমিদা বেগম রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।

তার পক্ষে হাই কোর্টে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

মঙ্গলবার আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, “সম্পূর্ণ বেআইনিভাবে এবং আইনবহির্ভূতভাবে ড. ফাহমিদাকে অপসারণ করায় হাই কোর্ট এই আদেশ দিয়েছে।”

তিনি বলেন, “আদালত রায়ে তার অব্যাহতি আদেশকে বেআইনি, মেলাফাইড এবং অকার্যকর ঘোষণা করেছে। এরপর বারবার আবেদন করা হলেও তার যোগদানের পদক্ষেপ নেননি রেজিস্ট্রার, যা আদালত এবং রায়ের প্রতি অবজ্ঞা ও আদালত অবমাননার সামিল।”