এফডিসির কর্তাদের চলচ্চিত্রে ভালোবাসা নিয়ে কবরীর সংশয়
চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের চলচ্চিত্রের প্রতি ভালোবাসা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেত্রী কবরী।
সোমবার জাতীয় চলচ্চিত্র দিবসের আলোচনা সভায় তিনি বলেন,“অতীতের ধারাবাহিকতার সাথে আজ চলচ্চিত্রের কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। এটা একটা ভিন্ন প্রেক্ষাপট হয়ে গেছে। সার্বিকভাবে এফডিসি কি ভূমিকা পালন করছে? তাদের সাথে মূলধারার কলাকুশলীদের সম্পর্ক আছে কি?
“যারা দায়িত্বে রয়েছেন, তাদের চলচ্চিত্রের প্রতি কতটুকু ভালোবাসা রয়েছে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।”
চলচ্চিত্র উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়নে অভিজ্ঞ শিল্পী-কলাকুশলীদের কাজে লাগানোর পরম পরামর্শ দেন অভিনয় থেকে রাজনীতির মাঠে আসা কবরী।
“এফডিসিতে এখন জয়েন্ট সেক্রেটারি পদ মর্যাদার কর্মকর্তারা বসেন। তারা না হয় এফডিসির হিসাব-নিকাশ রাখুন। কিন্তু প্লান-প্রোগ্রামের ক্ষেত্রে চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়োগ দিতে হবে।
“এফডিসিতে এতো যন্ত্রপাতি আনা হয়েছে, কিন্তু সেগুলো অপারেট করার লোক নাই। যারা জানে, তাদেরকে তো নিয়ে আসতে হবে।”
২০১৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত ‘বৃহন্নলা’ চলচ্চিত্রটি পরে নকলের অভিযোগে দোষী সাব্যস্ত হয়, বাতিল হয় জাতীয় পুরস্কার। কবরী এতে দায় দেখছেন অনুদান কমিটি, সেন্সর বোর্ডেরও।
জাতীয় চলচ্চিত্র দিবসে সোমবার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী। ছবি: আব্দুল মান্নান
অনুদান দেওয়ার নিয়ম নিয়েও ক্ষুব্ধ হন দুই দশক আগে চলচ্চিত্র অনুদান বিষয়ক জাতীয় কমিটির প্রধান থাকা এই অভিনেত্রী; বলেন, “অনুদানের ছবিগুলো কারা বানায়? কোন হলে রিলিজ হয়?
“আদৌ কি ছবি হচ্ছে? কোন কোন ফেস্টিভালে গেছে? আর যেগুলোতে যাচ্ছে ওগুলো কোনো ফেস্টিভালই না। ছোটখাট পাড়া মহল্লার ফেস্টিভাল সেগুলো।”
ভারতীয় সিনেমা আমদানি ও যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গের বিষয়ে দায়িত্বপ্রাপ্তরা উদাসীন বলে সমালোচনা করেন কবরী।
“ভারতের ছবি যে কোনো সময় যে কোনো হলে চলছে। অন্যদিকে যৌথ প্রযোজনার নামে যা হচ্ছে তাতে বেশিরভাগ টাকা নাকি ভারত পাচ্ছে। এমনকি আমাদের দেশের শিল্পীদের নামও আসে না সেখানে, এরকম শোনা যাচ্ছে।”
সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ৩০ মিনিটের বক্তৃতায় কবরী তার অভিনয় জীবন, লেখালেখি এবং চলচ্চিত্রের উন্নয়নে বঙ্গবন্ধু ও তার মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন ভূমিকার কথা উল্লেখ করেন।
জাতীয় চলচ্চিত্র দিবসে সোমবার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী। ছবি: আব্দুল মান্নান
এসব নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ৯ম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত এ সাবেক সাংসদ।
তিনি বলেন, “কমিটির কর্তৃত্ব মন্ত্রীদের হাতে চলে যাওয়া মানে মামা চাচার আবদার শুরু হওয়া। শুরু হয় হাত বদল, পালাবদল। অনুদান গ্রান্ট কমিটি যে এখন পালাবদলের বাক্সে বন্দি।”
অনুদান কমিটির দায়িত্ব পালনকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক একাধিক চলচ্চিত্রের পান্ডুলিপি পাওয়ার কথা জানান কবরী; যার মধ্যে কেবল ১৯৯৬ সালেই জমা পড়েছিল ৬০টি পান্ডুলিপি।
তবুও কেন বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হল না, এমন প্রশ্নেরও ব্যাখ্যা দেন তিনি।
“অনুদানের জন্য তখন বরাদ্দ ছিল ২৫ লাখ টাকা। কিন্তু ২৫ লাখ টাকায় তো বঙ্গবন্ধুর জীবনী নিয়ে সিনেমা তৈরি করা সম্ভব না। নরমাল ছবি হয় না। আমরা সুপারিশ করলাম এর জন্য রিসার্চ সেল গঠন করতে হবে। ভালো ডিরেক্টর লাগবে। অনেক টাকা আর সময় লাগবে। ছবিট হতে হবে অথেন্টিক। দায়সারা গোছের ছবি হলে আমরা মানব না। অথচ কোনো আপত্তি শোনা হল না।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীর মতে, বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা হলে তার ‘আর্কাইভাল ভ্যালু’ও তৈরি হত, যা জাতীয় আর্কাইভসেরও সংগ্রহশালাকে অনেক সমৃদ্ধ করতে পারত।
চলচ্চিত্র নিয়ে করণীয় ঠিক না করে জাতীয় চলচ্চিত্র দিবসের আয়োজনের সমালোচনাও করেন তিনি।
“আমাদের এই দিনটিকে শুধু আমলতান্ত্রিক জটিলতার মধ্যে বেধে রাখলে চলবে না। তেসরা এপ্রিল প্রতি বছর আসবে, যাবে। এফডিসিতে আজকের অনুষ্ঠানে তেমন কোনো কনস্ট্রাকটিভ চাঙ্ক ছিল কিনা জানি না।। একটা সেমিনার হয়েছে। মাননীয় মন্ত্রী, মান্যগণ্য ব্যক্তিরা এসেছেন। কিন্তু কি আয়োজন ঠিক বোধগম্য হল না।
“চলচ্চিত্র নিয়ে কী সলিউশন হতে পারে, আমরা কী পেতে পারি, কী দিতে পারি, কিভাবে এটাকে আমাদের চিন্তা-চেতনার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাব-তেসরা এপ্রিলের আলোচনায় তো এসবই উঠে আসা উচিত ছিল।”
চলচ্চিত্র দিবসে উত্থাপিত প্রবন্ধগুলোর ভাষা সাধারণের বোধগম্য করে রচনারও অনুরোধ জানান তিনি।
বাংলাদেশে চলচ্চিত্র আন্দোলনে সামনের সারির কর্মী কবরী গুরুত্বারোপ করেন, দেশে আন্তর্জাতিক চলচ্চিত্র আসর আয়োজনের উপর।
জাতীয় চলচ্চিত্র দিবসে সোমবার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী। ছবি: আব্দুল মান্নান
“কালচারই তো আমাদের আইডেন্টিটি। সাংস্কৃতিক সম্পর্ক রাজনীতি সম্পর্কের চেয়ে অনেক বেশি গভীর। অনেক বেশি মানুষকে আন্দোলিত করে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের মাধ্যমে আমরা বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারি।”
২০০১ সালে ক্ষমতার পালাবদল চলচ্চিত্র আন্দোলনের গতি স্তিমিত করে দিয়েছিল বলে জানান কবরী। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আন্তর্জাতিক চলচ্চিত্র আসরগুলো ঢাকায় করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
কবরী বলেন, “এখন আমাদের অবস্টাকলগুলো ধরতে হবে। চলচ্চিত্র উন্নত করতে হলে উপযুক্তদের নিযুক্ত করতে হবে। এদের বুঝতে হবে, বোঝাতে হবে। কাগজে পত্রে কাজ হয়েছে এমন না করে সত্যিই মনিটরিং করতে হবে “
কবরীর বক্তৃতায় উঠে আসে তার সময়কার পরিচালক, প্রযোজক, সহকর্মী ও কলাকুশলীদের নাম। স্মরণ করেন মফস্বলের মিনা পাল থেকে আজকের কবরী হয়ে ওঠার পেছনে তাদের অবদানের কথা।
বক্তৃতায় কবরী শ্রদ্ধা জানান কিংবদন্তি চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রতি, তার কাছ থেকেই চলচ্চিত্রের খুঁটিনাটি শিখেছেন বলেও জানান।
বলেন নারায়ণ ঘোষ মিতা, সুভাষ দত্ত, ফতেহ লোহানী, জহির রায়হানের কথাও। আলোচনার শুরুতেই স্মরণ করেন প্রয়াত চলচ্চিত্রকার খালিদ মাহমুদ মিঠুকে।
“ওনাদের ছবি দেখে দেখে মন, মগজ আর স্টাইল তৈরি হল। তাদের সিনেমা বলেন আর গান বলেন, এসবের ইতিহাস এখনও উদ্বেলিত করে। তাদের মতো করে মানুষের কথা বলারওতো আর কেউ নাই।”
২০১৭ সালের একুশে বইমেলায় বিপিএল থেকে প্রকাশিত হয়েছে কবরীর আত্মজৈবনিক গ্রন্থ ‘স্মৃতিটুকু থাক’। আলোচনায় উঠে আসে তার প্রসঙ্গও।
“আমি সেই বইটিতে বলেছি কেমন করে সিনেমা করলাম; আমি এসে কি দেখলাম, কত কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এ কাজটি করতে হয়েছে- তা লিখেছি এই বইটিতে।”
অনুষ্ঠানে কবরী চলচ্চিত্র দিবসের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও স্মরণ করেন। কৃতজ্ঞতা জানান তার মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও।
“বঙ্গবন্ধু শয়তানগুলোর সঙ্গে লড়াই করে সিনেমা বানানোর পথ তৈরি করে দিয়েছেন, আমাদের একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। যতদিন সিনেমা শিল্প আছে ততদিন আমরা তাকে প্রাণভরে স্মরণ করবো। ”
