প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: হাই কোর্টেও জামিন হয়নি বিমান প্রকৌশলীর
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরীর জামিন দেয়নি হাই কোর্টেও।
সোমবার তার জামিন আবেদনটি উপস্থাপন হয়নি (নট প্রেসড) মর্মে খারিজ করা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
দেবেশ চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন সুব্রত চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
পরে সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, আদালত বলেছেন এ মামলায় এখনও অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। অভিযোগপত্র হওয়ার আগে জামিন চাওয়ার সুযোগ নেই।
“পরে আমাদের জামিন আবেদন নট প্রেসড বলে আদালত রিজেক্ট করে দিয়েছে। এখন অভিযোগপত্র হওয়ার পরে আমরা আবারও আবেদন জানাব।”
গত বছরের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। মেরামত শেষে প্রায় ৪ ঘণ্টা পর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে যাত্রা করে উড়োজাহাজটি।
উড়োজাহাজের ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে। এর পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে বিমান মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তিনটি তদন্ত কমিটি করে।
বাংলাদেশ বিমানের প্রাথমিক তদন্তের ভিত্তিতে ঘটনার তিনদিনের মাথায় বিমানের পাঁচ প্রকৌশলীসহ ছয়জনকে সামিয়ক বরখাস্ত করা হয়। পরে তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে দেবেশ চৌধুরীসহ আরও তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, সেদিন উড়োজাহাজটিতে জ্বালানি বা ফুয়েলের কোনো সমস্যা ছিল না, ইঞ্জিন অয়েল বা লুব্রিক্যান্টের ট্যাংকের একটি নাট ঢিলা ছিল। এই তদন্তে ইঞ্জিনে অয়েল (লুব্রিকেন্ট) সিস্টেমে নাট-বোল্ট খোলা থাকার বিষয়টি এবং আসামিদের দায়িত্ব পালনে অবহেলা ও ব্যর্থতার বিষয়টি উঠে আসে।
এরপর ২০ ডিসেম্বর রাতে রাজধানীর বিমানবন্দর থানায় বিমানের নয় কর্মকর্তাকে আসামি করে একটি মামলা হয়। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইন্টেন্যান্স) এমএএম আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।
মামলার পরের দিন রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সাতজনকে গ্রেপ্তার করে।
এদের মধ্যে দেবেশ চৌধুরী গ্রেপ্তার হওয়ার পর প্রথমে নিম্ন আদালতে জামিন আবেদন করেন। নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাই কোর্টে আবেদন করলেও তা মঞ্জুর করেনি আদালত।
