ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বৈশাখীমেলা
বাংলা নববর্ষকে বরণ করে নিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা।
রাজধানীর মহাখালীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দিনব্যাপী মেলাটি অনুষ্ঠিত হয়।সকালে মেলার উদ্বোধন করেন ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাংগুয়েজের পরিচালক সৈয়দা সারওয়াত আবেদ।
বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বৈশাখী মেলায় গান, বায়োস্কোপ, ম্যাজিক-শো, পুতুল-নাচের আয়োজন করা হয়।
মেলায় বিভিন্ন খাবারের স্টলের পাশাপাশিছিল হরেক রকমের পিঠা, চুড়ি, মালা, ব্যাগ, সালোয়ার কামিজ, বৈশাখী শাড়ি, ফতুয়া, টি-শার্ট, চাদর, জুয়েলারি, কসমেটিকস।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সংগঠন হাউস অফ ট্যালেন্টের মুখপাত্র রাইদ হাসান জানান, এবারের মেলায় অন্যতম আকর্ষন হচ্ছে পুতলনাচ।
“আবহমানকাল ধরে আমাদের গ্রাম-বাংলার ঐতিহ্যের সঙ্গে মিশে আছে পুতুল নাচের সংস্কৃতি। বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীদের এই ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়াটাই ছিল মূল উদ্দেশ্য।”
শিক্ষার্থীদের পাশাপাশি এবারের মেলায় স্টল নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, অভিভাবক ও স্টাফরা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমন আয়োজনে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা উদ্যোক্তা হবার পথে একধাপ এগিয়ে যেতে পারেন।”
মেলায় পিঠার স্টল নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির স্থাপত্য বিভাগের শিক্ষার্থী সামিয়া এবং তার মা শিউলি আহমেদ।অন্যান্য অভিভাবকদের উৎসাহে মেলায় তার অংশগ্রহণ বলে জানান শিউলি।
তিনি বলেন, “অনেকেই আমার বানানো পিঠার প্রশংসা করত। তাই সুযোগ পাওয়ায় মেলায় স্টল নিলাম।”
মেলায় আসা বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী অর্থি খান বলেন, “এবারই প্রথম এ মেলায় এসেছি। পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনেকের সাথেই দেখা হয় না। কিন্তু আজ মেলায় এসে ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে, আজই পহেলা বৈশাখ। মেলার পুতুল-নাচ আর বায়োস্কোপটা সবচাইতে ভালো লেগেছে।”
