রূপপুরে পারমাণবিক নিরাপত্তায় সর্বোচ্চ জোর: ইয়াফেস ওসমান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
সোমবার সকালে কক্সবাজারে রিজিওনাল কো-অপারেটিভ এগ্রিমেন্টের (আরসিএ) ৩৯তম জাতীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
ইয়াফেস ওসমান বলেন, “রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি বাস্তবায়নের প্রতিটি ধাপে আইএইএর (আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা) নিদের্শনা কঠোরভাবে অনুসরণ করেই নির্মাণ করা হচ্ছে।”
২০১৩ সালের অক্টোবরে রূপপুরে পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০১৪ সালের অগাস্টে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় কোম্পানি গঠন করতে সংসদে বিল পাস হয়।
বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও নির্মাণাধীন এই প্রকল্পের কাজে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় তদারকিতে ২০১৬ সালের এপ্রিলে একটি কমিটিও গঠন করে সরকার।
কক্সবাজারের ইনানির রয়্যাল টিওলিপ সি পার্ল বিচ রিসোর্টে শুরু হওয়া চার দিনব্যাপী এ সম্মেলনে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, জাপান, মালয়েশিয়া, কোরিয়া ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ মোট ২২টি দেশের প্রায় ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
বাংলাদেশে তৃতীয়বারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) অধীন পরমাণু শক্তি ও প্রযুক্তির গবেষণা, উন্নয়ন এবং প্রশিক্ষণ বিষয়ক এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সংস্থা হল রিজিওনাল কো-অপারেটিভ এগ্রিমেন্টের (আরসিএ)।
আইএইএ ও আরসিএর সক্রিয় সহযোগিতায় এ দেশের কৃষি এবং পরমাণু চিকিৎসা খাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে বলে ভাষ্য ইয়াফেস ওসমানের।
এ উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য ড. আলেয়া বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান অধ্যাপক নঈম চৌধুরী, আইএইএর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের কারিগরি সহযোগিতার পরিচালক ড. নাজাত মোখতার এবং আরসিএর বর্তমান চেয়ারপারসন মঙ্গোলিয়ার প্রতিনিধি ড. চাদরাবাল মাভাগ।
