‘অটিজম বিষয়ক চ্যাম্পিয়ন’ সায়মাকে মন্ত্রিসভার অভিনন্দন
অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ হোসেন দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ‘অটিজম বিষয়ক চ্যাম্পিয়ন’ অভিধা পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তাকে ‘মন্ত্রিসভা অভিনন্দন জ্ঞাপন করেছে’ বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।
অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ হোসেনকে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ‘অটিজম বিষয়ক চ্যাম্পিয়ন’ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আগের দিন গত ১ এপ্রিল জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পুতুলকে এ অভিধা দেয়।
এ দায়িত্বের ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে অটিজম বিষয়ক জাতীয় নীতি ও কৌশল প্রণয়নে পরামর্শ সহায়তা দেবেন তিনি।
সায়া ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগের প্রচারণার পাশাপাশি অটিজম রোগ (এএসডি) সংক্রান্ত গবেষণাকে দৃঢ় অবস্থানে বিশেষত এই রোগে আক্রান্ত শিশু, তাদের বাবা-মা ও পরিচর্যাকারীদের বিভিন্ন ভোগান্তি চিহ্নিত করে পরিস্থিতির উন্নতির জন্য কাজ করবেন।
পুতুল ডাক নামে পরিচিত সায়মা ওয়াজেদ হোসেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতির পাশাপাশি বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা সূচনা ফাউন্ডেশনেরও সভাপতি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও সদস্য তিনি।
দক্ষিণ এশীয় অটিজম নেটওয়ার্ক গড়ে তোলার অন্যতম কারিগর সায়মা ওয়াজেদ পুতুলের উদ্যোগেই ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অটিজম বিষয়ে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পুতুলকে ২০১৪ সালের জন্য ‘এক্সিলেন্স এওয়ার্ড’ দিয়েছে।
