সাংবাদিক হত্যাচেষ্টা: আসামির জামিন নিয়ে হাই কোর্টের রুল
যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান ও ক্যামেরা পার্সন শাহিন আলমকে কেরোসিন ঢেলে হত্যাচেষ্টা মামলায় আসামি জব্বার ও রহিমের জামিন কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করে।
বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গতবছর ৬ নভেম্বর রাজধানীর চকবাজার এলাকায় পলিথিন উৎপাদনকারীদের হামলার শিকার হন শাকিল হাসান ও শাহিন আলম। ওই ঘটনায় চকবাজার থানায় মামলা করেন শাকিল হাসান।
এ মামলায় ওই বছরের গত ২৮ ডিসেম্বর জামিন পান জব্বার ও রহিম। বাদীপক্ষ জামিন বাতিলের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।
এরপর হাই কোর্টে আবেদন করেন শাকিল। শুনানি শেষে আদালত রোববার রুল জারি করে।
শাকিলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এখলাছ উদ্দিন ভূইয়া।
