আরও জঙ্গি আস্তানা আছে: আইজিপি
গত এক মাসে অন্তত সাতটি বাড়িতে অভিযান চালানোর পর পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক বলেছেন, এই ধরনের আরও জঙ্গি আস্তানা দেশে রয়েছে।
চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও কুমিল্লায় সাম্প্রতিক অভিযানে নতুন জঙ্গি আস্তানার খোঁজ পুলিশ পেয়েছে কি না, সাংবাদিকদের জিজ্ঞাসায় রোববার একথা বলেন তিনি।
শহীদুল হক বলেন, “এটা সংখ্যায় বলা যাবে না। তবে জঙ্গি আস্তানা আছে- কমবেশি যেগুলো আছে তা নিয়ে আমাদের পুলিশের গোয়েন্দারা কাজ করছে।”
“আমরা যখন যে আস্তানার সংবাদ পাব, সাথে সাথে সেই আস্তানায় অভিযান চালাব।”
রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘আন্তঃদেশীয় অপরাধ: সার্ক প্রেক্ষিত’ শীর্ষক এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন পুলিশ প্রধান।
পুলিশের সঙ্গে যুদ্ধ করার মতো ভারী অস্ত্র জঙ্গিদের কাছে নেই জানিয়ে তিনি বলেন, বোমার মাধ্যমে ব্যাপক ধ্বংস ও ত্রাস সৃষ্টি করাই জঙ্গিদের উদ্দেশ্য ছিল। বিস্ফোরকই একমাত্র সহজলভ্য মনে করেছে তারা।এটার মাধ্যমে মানুষের মাঝে ব্যাপক ধ্বংস ও ত্রাস সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য।
জঙ্গিদের বোমা তৈরির বিস্ফোরক সরবরাহকারী সম্পর্কে তিনি বলেন, “আমরা যেসব জঙ্গিদের গ্রেপ্তার করেছি এবং তাদের কাছে যেসব নথিপত্র ও কাগজপত্র উদ্ধার করেছি, সেখানে দেখা গেছে- বিস্ফোরক তৈরিতে তাদের একটি ম্যানুয়াল আছে। তাদের সবার কাছেই এই ম্যানুয়াল আছে। সেই ম্যানুয়াল অনুযায়ী তারা প্রশিক্ষণ নিচ্ছে- কীভাবে বোমা ও গ্রেনেড তৈরি করতে হয়।”
বোমা তৈরির অধিকাংশ কাঁচামাল জঙ্গিরা দেশ থেকেই সংগ্রহ করছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, বোমা তৈরিতে একটা ‘জেল’ ব্যবহার হয়।সেই ‘জেল’ এর আগে দেশের বাইরে থেকে আনত বলে গ্রেপ্তার জঙ্গিরা জানিয়েছে। তবে এখন সেই ‘জেল’ বাইরে থেকে আনা কঠিন।
দেশের বাজার থেকে জঙ্গিদের বিস্ফোরকের কাঁচামাল কেনা বন্ধ করতে পুলিশ কাজ করছে বলেও জানান শহীদুল হক।
“জঙ্গিরা এসব বিস্ফোরক বাজার থেকে কেনে। কোন কোন জিনিস বাজার থেকে কিনতে হয় সে তালিকা জঙ্গিদের কাছে আছে।”
অভিযানের সময় জঙ্গিদের জীবিত না ধরতে পারা সম্পর্কে তিনি বলেন, “আমরা জীবিত ধরার চেষ্টা করি, অনেক সময় দেই। কিন্তু তারা নিজেরা আত্মহনন করে। জীবিতদের কাছে অনেক তথ্য পাওয়া যায়। ফেনী থেকে যাকে (জঙ্গি) ধরেছি, তার কাছ থেকে কুমিল্লার আস্তানার তথ্য পেয়েছি।”
পুলিশ অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে জঙ্গি নির্মূল সম্ভবপর নয় বলে মনে করেন পুলিশ প্রধান।
“আমি মনে করি এটা খুবই কঠিন। কাজেই গোটা জাতিকে, সর্বস্তরের জনসাধারণকে এই জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। প্রত্যেকটা পরিবারকে জঙ্গিদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এদিন সকালে সার্ক দেশগুলোর পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাদের দুই সপ্তাহের এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন পিএসসির রেক্টর সাদিকুর রহমান।
আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো এই প্রশিক্ষণের উদ্দেশ্য।
