স্মার্ট ফোন নিয়ে প্রশ্ন আনতে যাওয়া ৩ শিক্ষক বরখাস্ত
ট্রেজারি থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্ন নেওয়ার সময় সঙ্গে স্মার্ট ফোন থাকায় আটক তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
এছাড়া এদের এমপিও (বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনের সরকারি অংশ) স্থগিত করে কেন তা স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে কারণ দর্শাতেও বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
ট্রেজারি থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন নেওয়ার সময় সঙ্গে স্মার্ট ফোন থাকায় শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজের সহযোগী অধ্যাপক আবদুর রশীদ এবং মহাখালীর টিঅ্যান্ডটি মহিলা কলেজের প্রভাষক নাঈমা নাসরীন ও মাহবুবুর রহমানকে আটক করে পুলিশে দেওয়া হয়।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি ট্রেজারি থেকে রোববার সকালে এইচএসসির প্রথম দিনের প্রশ্ন আনতে গিয়েছিলেন এই তিন শিক্ষক।
এই তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে এক আদেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদকে নির্দেশনা দিতে ঢাকা শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
পরে ঢাকা বোর্ড এই তিন শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদকে বিধি মোতাবেক ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে বলেছে।
তিন শিক্ষকের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে বলে মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে।
সকালে ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করে তিন শিক্ষকের আটকের তথ্য জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এর মানে (প্রশ্ন) বের হওয়ার সাথে সাথে ফেইসবুকে চলে যায়। তারা তো সেখানে (ট্রেজারিতে) স্মার্ট ফোন নিয়ে যেতে পারেন না, নিয়মই নাই।”
ট্রেজারি থেকে প্রশ্ন বের হওয়ার পর শিক্ষকদের মাধ্যমে তা বাইরে চলে আসছিল বলে বার বারই বলে আসছিলেন শিক্ষামন্ত্রী। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বেশ কয়েকজন শিক্ষককে গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পরীক্ষা কেন্দ্রে একমাত্র কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারলেও তা স্মার্ট ফোন হওয়া যাবে না। কেন্দ্র সচিবের বাইরে কোনো শিক্ষকই মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
স্মার্ট ফোন নেওয়ার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও তিন শিক্ষকের প্রশ্ন ফাঁসের জড়িত থাকার কোনো প্রমাণ মিলেছে কি না, সেই বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
