সাতক্ষীরার প্রাচীন লাবসা মসজিদ সংরক্ষণের নির্দেশ
সাতক্ষীরায় ১৩০ বছরের পুরনো লাবসা মসজিদ পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রায় দেয়।
আদালতের আদেশে মসজিদের পাশে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে প্রত্নতত্ত্ব আইন মেনে মহাপরিচালকের অনুমতি সাপেক্ষে দূরত্ব বজায় রেখে তা করা যাবে বলে জানিয়েছেন রিট আবেদনের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ।
ওই মসজিদের পাশে স্থাপনা নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় বাসিন্দা ড. মাহমুদা খাতুন হাই কোর্টে রিট করেন। ২০১১ সালের ১২ ডিসেম্বর হাই কোর্ট স্থাপনা নির্মাণে স্থিতাবস্থা দিয়ে রুল জারি করে।
তথ্য মতে, লাবসা গ্রামের জমিদার মুন্সি ইমাদুল হক ও আফতাব উদ্দীন বাংলা ১৩০১ সনে (১৩০ বছর আগে) জমিদার বাড়ি ও কলকাতার আলীপুরের পাওয়ার হাউজের সামনে একই ধরনের দুটি মসজিদ নির্মাণ করেন। মসজিদ দুটির জমি ওয়াকফ করা হয়। বর্তমানে কলকাতার মসজিদটি ভারত সরকার পুরাকীর্তির জন্য সংরক্ষণ করছে।
মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৬৮ সালের পুরাকীর্তি আইনের বিধান অনুসারে পার্শ্ববর্তী কোনো স্থানে স্থাপনা তৈরিতে নিষেধ আছে। তাছাড়া এমনভাবে নির্মাণ করতে হবে যে, যেন পুরাকীর্তি হিসেবে বিবেচিত স্থাপনাটির সৌন্দর্য বা এর মূল নকশা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
তিনি আরও বলেন, লাবসা মসজিদ পুরাকীর্তি স্থাপনা হিসেবে স্বীকৃত। তাই মসজিদটিকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
