২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকে আগুন বৈদ্যুতিক গোলযোগে: ফায়ার সার্ভিস

বাংলাদেশ ব্যাংকে আগুন বৈদ্যুতিক গোলযোগ থেকে লেগেছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি, যে অগ্নিকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 07:10 PM

Updated : 19 Aug 2022, 04:12 PM

অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পর রোববার তদন্ত কমিটির প্রধান ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস তাদের প্রতিবেদন চূড়ান্ত করার কথা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবেদন আজ (রোববার) সকালে আমরা তৈরি করেছি। আমাদের মহাপরিচালক স্যারকে প্রতিবেদনটি দিয়েছি।”

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে সমরেন্দ্র বিশ্বাস বলেন, “যা বলেছি তাই। ওই যে অগ্নিকাণ্ডের পরপরই আমরা (ফায়ার সার্ভিস) বলেছি যে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে,ওটাই রাইট।”

আগুনের সূত্রপাত কোত্থেকে- জানতে চাইলে তিনি বলেন, “ওখানে কেটলি রেখে পানি গরম করা হত। মূলত আগুন ওখান থেকে লাগে।”

বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে অগ্নি দুর্ঘটনা এড়াতে কয়েকটি সুপারিশও করেছে তদন্ত কমিটি। তা বাহিনীর মহাপরিচালক জানাবেন বলে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সমরেন্দ্র জানান।

গত ২৫ মার্চ রাতে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের ১৪ তলায় অগ্নিকাণ্ড ঘটে। এর তদন্তে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটি ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করেছিল। অগ্নিকাণ্ডে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র পোড়েনি বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জানান, আগুনে মালামাল পুড়ে ৮০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভ চুরির পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ই-মেইল হ্যাকড হওয়ার খবর প্রকাশের মধ্যে এই অগ্নিকাণ্ড নিয়ে নানা ধরনের গুঞ্জন চলছিল।

পুরনো খবর:

কেন্দ্রীয় ব্যাংকে আগুন রহস্যজনক: বিএনপি
বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ডে ‘৮০ লাখ টাকা ক্ষতি’
বাংলাদেশ ব্যাংকে আগুন বৈদ্যুতিক হিটার থেকে: ফায়ার সার্ভিস