২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয়ভাবে প্রশ্ন ছাপিয়ে আগামী বছরের পরীক্ষা: নাহিদ

প্রশ্ন ফাঁসরোধে আগামী বছর থেকে স্থানীয়ভাবে প্রশ্নপত্র ছাপিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া যাবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 11:15 AM

Updated : 11 Oct 2022, 01:42 PM

পুরনো খবর:

উচ্চ মাধ্যমিকে বসেছে ১২ লাখ শিক্ষার্থী
ফাঁস হওয়া প্রশ্নেই হল এসএসসির গণিত পরীক্ষা
প্রশ্ন প্রণয়ন প্রক্রিয়া ‘ডিজিটাল’ করার প্রস্তাব
প্রশ্ন ফাঁস: ‘সব খুলে বলতে’ পারছেন না শিক্ষামন্ত্রী
ফেইসবুকে প্রশ্ন আউটের অপেক্ষায় থাকেন অভিভাবকরা: জাফর ইকবাল

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন রোববার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

আঞ্চলিকভাবে প্রশ্ন ছাপিয়ে পাবলিক পরীক্ষা নেওয়ার বিষয়ে কোনো অগ্রগতি আছে কি না- একজন সাংবাদিকের এমন প্রশ্নে নাহিদ বলেন, “আমরা আশা করছি, আগামী বছর করতে পারব।”

চলতি বছর এসএসসিতে বিভিন্ন পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র পাওয়া গেছে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে, যা পরদিন পরীক্ষায় হুবহু মিলে গেছে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর ২০১৪ সালের ঢাকা বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে নতুন প্রশ্ন ছাপিয়ে নেওয়া হয়েছিল ওই পরীক্ষা।

এর আগে সরকারের তদন্ত কমিটিতেই পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলে।

প্রশ্নপত্র ঠেকাতে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল সম্প্রতি একাধিকবার বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় বা সরকার চাইলে প্রশ্নপত্র ফাঁস ঠেকানো সম্ভব।

পাবলিক পরীক্ষার প্রশ্ন প্রণয়নের পুরো প্রক্রিয়া ‘ডিজিটাল’ করতে ২০১৪ সালের ২৯ জুন প্রস্তাব দেয় এইচএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটি।

ওই দিন শিক্ষামন্ত্রীর কাছে প্রতিবেদন তুলে দিয়ে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন (বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব) বলেছিলেন, প্রশ্নপত্র প্রণয়নে প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দিতে বলা হয়েছে। এটা হবে ইন্টারনেট-নির্ভর। অর্থাৎ সবগুলো কেন্দ্রে ইন্টারনেট, ডিজিটাল প্রিন্টার ও বিদ্যুৎ থাকতে হবে।

“লোকালি প্রশ্ন প্রিন্ট হলে তার নিরাপত্তাও নিশ্চিত করেত হবে। এতে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভবানা থাকবে না। এজন্য অবকাঠামো ডেভেলপ করতে হবে।”

সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে প্রশ্নপত্র ফাঁসের জন্য ‘কিছু শিক্ষকের অসততাকে’ দায়ী করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গত ১০ মার্চ ওই অনুষ্ঠানে তিনি বলেন, প্রশ্নপত্র রাখা হয় উপজেলা পর্যায় পর্যন্ত। ফলে পরীক্ষার দুই ঘণ্টা আগে তারা প্রশ্ন দিতে বাধ্য, কেননা সেই প্রশ্ন গ্রাম পর্যন্ত পৌঁছাতে হয়। এবার যখন যখন বিভিন্ন জেলায় প্রশ্নপত্র পাঠানো হল, তখনও তা ফাঁস হয়নি। কিন্তু শেষরাত বা ভোররাত থেকে প্রশ্ন ফেইসবুকে আসতে শুরু করে।

রোববার এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নানা পদ্ধতি অনুসরণ করে তারা প্রশ্নফাঁস রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

“কোনো বাবা তার সন্তানকে প্রশ্ন এনে দিয়েছে এ কথা শুনলে সমাজে ঘৃণিত হত, ওই মেয়েকে আরেকজন বিয়ে করার সময় চিন্তা করত তার বাপ তাকে কুপথে দিয়েছে। আজকে সমাজের যে অবক্ষয় তা থেকে শিক্ষক-ছাত্র বাইরে না। শিক্ষা পরিবারকে অবশ্যই এর থেকে বাইরে আনতে হবে, কারণ তারাই আমাদের ভবিষ্যত।

নাহিদ বলেন, “আমাদের ব্যর্থতা থাকতেই পারে। দুনিয়ায় এহেন জিনিস নাই যা শতভাগ নিশ্ছিদ্র। আমাদের দেশে খুন করলে ফাঁসি হয়, মামলা হচ্ছে, রোজই ফাঁসি হচ্ছে, আবার খুন হচ্ছে দুনিয়ার সব দেশে। তাই আমাদেরও এটা একটা সমস্যা, তাই বলে এটাকে জাস্টিফায়েড বলছি না, একে মোকাবেলা করতে হচ্ছে।”