২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে প্রশ্ন আউটের অপেক্ষায় থাকেন অভিভাবকরা: জাফর ইকবাল

ফাঁস করা প্রশ্নপত্রে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে উৎসাহিত করার পেছনে অভিভাবকদেরও দায়ী করেছেন শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 12:04 AM

Updated : 11 Oct 2022, 01:42 PM

শনিবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় খেলাঘর আসরের জাতীয় শিশু কিশোর সংস্কৃতি উৎসবের সমাপনী অধিবেশনে অভিভাবকদের এই দায় দেন তিনি।

অধ্যাপক ইকবাল বলেছেন, “বাবা মায়েরা আজকাল কোচিং কোচিং করে ছেলেমেয়েদের জীবন একেবারে শেষ করে দিচ্ছে। এখন তারা বসে থাকেন, ফেইসবুকে কখন প্রশ্ন আউট হবে। সেই প্রশ্ন সলিউশন কখন করা হবে, তা মুখস্থ করাবে ছেলেমেয়েদের। শর্ট কোয়েশ্চেনগুলো মুখস্থ করাবে।

“একটাই কথা, জিপিএ-৫ পেতে হবে। আর জিপিএ ৫ না পেলে সে কী বকাবকি! জিপিএ -৫ না পেলে তারা মনে করে, জীবন শেষ হয়ে গেল রে!”

জিপিএ-৫ নির্ভর পাঠদান পদ্ধতিকে তুলোধুনো করে শিশুদের কাছে জনপ্রিয় এই কথাসাহিত্যিক চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিভাবকদের উদ্দেশে।

তিনি বলেন, “আমি মুচলেকা লিখে দিতে পারি, কোচিং করে কোনো লাভ হয় না। এই কোচিংভিত্তিক পড়াশোনা শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে দিচ্ছে।”

অনুষ্ঠানে আসা শিক্ষার্থীদের উদ্দেশে জাফর ইকবাল বলেন, “একটিই তো জীবন! এ সময় তো জীবনে সবচেয়ে মজা করার সময়। পড়াশোনা হবে আনন্দময়। যারা কোচিং করে না, তারাই তো আনন্দময় পরিবেশে এই জীবন উদযাপন করতে পারে।”

পরে বিদ্রুপের সুরে তিনি বলেন, “এই যে এত কথা বলছি, কবে না শিক্ষা মন্ত্রণালয়ের মামলায় পুলিশ আমাকে ধরে নিয়ে যায়।”

সমাপনী আসরে খেলাঘর আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার তুলে দেন তিনি।

তিনি বলেন, “পুরস্কার নেওয়া নয়, দেওয়ার মধ্যেই সবচেয়ে বেশি আনন্দ নিহিত।”

কেন্দ্রীয় খেলাঘরের সভাপতি অধ্যাপক পান্না কায়সারের উদ্দেশে জাফর ইকবাল বলেন, “খেলাঘরকে বাংলাদেশের প্রতিটি গ্রামে পৌঁছে দিতে পারলে, বাংলাদেশকে আরও অনেকটা এগিয়ে নিতে পারব আমরা। কেউ আমাদের আর ঠেকাতে পারবে না।”

ঢাকায় সিলেটের মরমী গানের আসর

লোকসঙ্গীত ও মরমী গানে সিলেট অঞ্চলের সুনাম সবার জানা। সিলেটের মরমী গান এবার শোনা গেল একটু ভিন্ন রূপে। গানগুলো গাইতে দেশের শিল্পীদের পাশাপাশি ঢাকায় এসেছে কলকাতার নারীদের লোকগানের দল মাদল।

এই আয়োজনটি ছিল রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। শনিবার ‘সিলেটের মরমী গান’ শিরোনামে এ আয়োজন করে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র। আয়োজনটি উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিৎ সেনগুপ্ত।

সঙ্গীত সন্ধ্যার এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

আলোচনা শেষে মঞ্চে আসেন রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের শিল্পীরা। প্রথমেই তাদের কণ্ঠে শোনা যায় হাছন রাজার গান, একে একে তারা শোনায় রাধারমণ দত্ত, শাহ আবদুল করিমের গান। একক পরিবেশনা পর্বে পরিবেশিত হয় আরকুম শাহ, জবান আলী, দীন ভবানন্দ, গিয়াসউদ্দিনের গান।

মাদল দলটি একে একে গেয়ে শোনায় ছয়টি গান। তাদের কণ্ঠে শোনা যায় রাধারমণ দত্তের ‘জলের ঘাটে দেইখ্যা আইলাম, কি সুন্দর শ্যামরায়’, হেমাঙ্গ বিশ্বাসের ‘আসমানেতে দেয়া ডাকে’, শাহ আবদুল করিমের ‘আমার মন কান্দে প্রাণ কান্দেরে’, শেখ ভানুর ‘নিশীথে যাইও ফুল বনেরে ভ্রমরা, বৌ নাচের গান ‘সোহাগ চাঁদ বদনী ধনি নাচতো দেখি’ও দূরবীণ শাহের ‘কাইন্দ না কাইন্দ না গো রাই।

সব শেষে মঞ্চে আসেন মাদলের প্রতিষ্ঠাতা তপন রায়। তার কণ্ঠে শোনা যায় হাছন রাজার ‘ছাড়িলাম হাছনের নাওরে, ইদম শাহের ‘কান্দিয়া আকুল হইলাম, রাধারমণ দত্তের ‘শ্যামকালিয়া সোনা বন্ধুরে’ও শাহ আবদুল করিমের ‘আর জ্বালা সয় না।