জঙ্গিবাদ রুখতে বৈশ্বিক ঐক্য চান হাসিনা
জঙ্গিবাদকে বিশ্বের নতুন উপদ্রব আখ্যায়িত করে তা মোকাবেলায় ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ঢাকায় শতাধিক দেশের পার্লামেন্ট সদস্যসহ প্রায় দেড় হাজার বিদেশি অতিথি নিয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, “বিশ্ব নতুন এক উপদ্রবের মুখোমুখি হয়েছে। সন্ত্রাস এবং জঙ্গিবাদ নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। মানুষের শান্তি বিনষ্ট করছে।
“জঙ্গিবাদ আজ কোনো নির্দিষ্ট দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। আমাদের সকলকে ঐক্যদ্ধভাবে এ সমস্যার মোকাবিলা করতে হবে।”
“অথচ প্রাচুর্যে ভরা এই বিশ্বে মানবজাতির বেঁচে থাকার সব ধরনের রসদ বিদ্যমান। একটু সহানুভূতি, সহযোগিতা, পরস্পরের প্রতি মমতা ও ভ্রাতৃত্ববোধ বিশ্বকে এক নিমিষেই ক্ষুধামুক্ত করতে পারে।”
অনুষ্ঠানে শেখ হাসিনা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে উন্নত দেশগুলোর সহায়তার প্রতিশ্রুতি পূরণ করার আহ্বান জানান।
“বাংলাদেশে আমরা একটি দারিদ্র্যমুক্ত, ন্যায়ভিত্তিক, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
তিনি বলেন, “জাতীয় সংসদ, বিভিন্ন স্তরের স্থানীয় সরকারসহ আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করেছি। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিগণ দায়িত্ব পালন করছেন।”
বাংলাদেশে গণমাধ্যমও স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা জানান, ১৯৮৬ সালে বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথমবারের মতো তিনি আইপিইউ সম্মেলনে অংশ নেন। বাংলাদেশে ‘সামরিক ও স্বৈরশাসনের’ সময় গণতন্ত্রের জন্য তার সংগ্রামের কথাও তুলে ধরেন।
১৩১টি দেশের পার্লামেন্ট সদস্যসহ প্রায় দেড় হাজার অতিথি নিয়ে ঢাকায় শুরু হয়েছে আইপিইউয়ের এই সম্মেলন।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সন্ধ্যায় এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় এই সংসদীয় ফোরামের সম্মেলনের আয়োজক বাংলাদেশ জাতীয় সংসদ।
বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রাম ও সংস্কৃতির ওপর একটি ভিডিওচিত্র দেখানো হয়। শেষে হয় সাংস্কৃতিক পরিবেশনা।
বিশ্বের ১৬৪টি দেশের আইনসভার সংগঠন আইপিইউ’র বর্তমান সভাপতি বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। সংগঠনটির পাঁচদিনের এই সম্মেলনে ১৩১ দেশের ৫৩ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সদস্যসহ ১৫ শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য, ‘রিড্রেসিং ইনইকুয়ালিটিজ: ডেলিভারিং অন ডিগনিটি অ্যান্ড ওয়েল বিং ফর অল'।
নোবেলজয়ী মানবাধিকার কর্মী কৈলাশ সত্যার্থী রোববার সম্মেলনের প্রতিপাদ্যের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
এবারই প্রথমবারের মতো ‘গ্রিন অ্যাসেম্বলি’র আয়োজন করা হয়েছে বলে আইপিইউ জানিয়েছে।
সম্মেলন উদ্বোধনের সঙ্গে আইপিইউ ওয়েব টিভির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইপিইউর সভাপতি সাবের হোসেন চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি এসকে সিনহা, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ সহস্রাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন।
