বধ্যভূমি বিক্রির ঘটনা দুঃখজনক: আইসিএসএফ
মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক স্থান সংরক্ষণে সরকারের অগ্রাধিকারের ঘোষণার মধ্যে বধ্যভূমি বিক্রির মতো ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্রাটেজি ফোরাম (আইসিএসএফ)।
২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সারাদেশে ছড়িয়ে থাকা বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছে অপরাধের শিকার ভুক্তভোগীদের পক্ষে কর্মরত বিশেষজ্ঞ ও কর্মীদের নিয়ে গঠিত সংগঠনটি।
আইসিএসএফ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক স্থান সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হলেও বধ্যভূমির মতো ঐতিহাসিকগুরুত্বপূর্ণ স্থানগুলোর ভগ্নদশা, অবহেলাবা আর সব সাধারণ স্থাবর সম্পত্তির মতো কেনা-বেচা হতে দেখা ‘বিশেষভাবে দুঃখজনক’।
সম্প্রতি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি বধ্যভূমি বিক্রি হয়ে যাওয়ার প্রায় এক বছর পর তা জানতে পারে স্থানীয় প্রশাসন।
উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ভাণ্ডারা গ্রামের খুনিয়াদীঘি বধ্যভূমিটি গত বছরের মে মাসে বিক্রি করে দেন মালিক দাবি করা এক ব্যক্তি; যার বাবা তৎকালীন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে ছেলেদের নামে দলিল করে দেন।
ওই বন্দোবস্তের বিরুদ্ধে রিভিশন মামলা করার প্রস্তুতির কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
এই দীঘির পাড়েই রয়েছে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ। স্বাধীনতা দিবস, বিজয় দিবসেও এই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় রাণীশংকৈলের মানুষ।
নওগাঁ জেলার বিভিন্ন স্থানে প্রায় ৫০ টির মতো মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভ দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে জানিয়ে আইসিএসএফ এর বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের স্মৃতি বাঁচিয়ে রাখা এবং গণহত্যার শিক্ষা শুধু ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্যনয়।
“বরংবাংলাদেশে সংগঠিত গণহত্যার পক্ষে বৈশ্বিক জনমত গড়ে তোলা এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্যও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্থানসংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ একটি জরুরি বিষয়।”
এতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ সম্পর্কিত ৩৬০টি ঐতিহাসিক স্থান সংরক্ষণে ২০১৯ সালের জুনের মধ্যে ১৮২ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। এটা ইতিবাচক ও সময়োপযোগী একটি পদক্ষেপ। কিন্তু এর আগেই সারা দেশে ছড়িয়ে থাকা বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণের যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
