ঠাকুরগাঁওয়ে বধ্যভূমি বিক্রির পর টনক নড়েছে প্রশাসনের
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় একটি বধ্যভূমি বিক্রি হয়ে যাওয়ার প্রায় এক বছর পর নড়েচড়ে বসছে প্রশাসন।
উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ভাণ্ডারা গ্রামের খুনিয়া দীঘি বধ্যভূমিটি গত বছরের মে মাসে বিক্রি করে দেন মালিক দাবি করা এক ব্যক্তি; যার বাবা তৎকালীন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের কাছ বন্দোবস্ত নিয়ে ছেলেদের নামে দলিল করে দেন।
ওই বন্দোবস্তের বিরুদ্ধে রিভিশন মামলা করার প্রস্তুতির কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
সরেজমিনে দেখা গেছে, বিক্রির পর খুনিয়া দীঘির চারপাশে ধান রোপন করা হয়েছে। এছাড়া পাড়ের কিছু অংশ কেটে নেওয়া হয়েছে।
রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুনিয়াদীঘি শুধু ইতিহাস নয়, বাঙালির স্বাধীনতার নিরব দলিল। এ দীঘির বুকে রয়েছে একাত্তরে সংঘটিত গণহত্যার ইতিহাস।
এই মুক্তিযোদ্ধা বলেন, ধরে আনাদের ভাণ্ডারা গ্রামের খুনিয়া দীঘির পাড়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করত পাকিস্তানি বাহিনী। এর মধ্যে একবার এখানে ১৮ জন বাঙালিকে একসঙ্গে লাইন করে দাঁড় করে গুলি করে হত্যা করে তারা। পরে তাদের লাশ দীঘিতে ফেলে দেয়।
“কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার ৪৬ বছর পরেও বধ্যভূমিটি সরকারের নজরে না এসে উল্টো বিক্রি হয়ে গেছে।”
“কুসুম উদ্দীন ১৯৮২ সালের ২১ জুলাই দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের কাছ থেকে দিঘী তিনটির খাজনা খারিজ দেওয়ার জন্য আদেশ নেন। একই বছরের ১২ দলিল মূলে ছেলে হামিদুর রহমান ও বজলুর রহমানের কাছে খুনিয়াদিঘীর ২ একর ১৮ শতক জমি বিক্রি করেন তিনি।”
দিঘীর বিক্রেতা হামিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুনিয়া দিঘীর জমির মালিক আমি। তাই গত বছরের মে মাসে স্থানীয় আবুল কাশেমের স্ত্রী ফাতেমার কাছে ২৩ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।”
এ জমি বিক্রির কোনো সুযোগ নেই বলে দাবি করেন তিনি।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুনিয়া দিঘী বিষয়ে তৎকালীন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক যে আদেশটি দিয়েছেন তার বিরুদ্ধে আমরা রিভিশন মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”
জমি রেজিস্ট্রির বিষয়ে রাণীশংকৈল উপজেলা সাব-রেজিস্ট্রার দোস্ত মোহাম্মদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
