নৃত্যগীতে ছায়ানটের ৫০ বছরের পথযাত্রা
রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ছায়ানটে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
ধানমন্ডির ছায়ানট ভবন মিলনায়তনে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘আনন্দ, বাঙালির আত্মপরিচয়ের সন্ধান ও অসাম্প্রদায়িকতা’।
আয়োজনটি সাজানো হয় নববর্ষ উদযাপন অভিযাত্রার স্মারণিক প্রদর্শনী, নৃত্য ও শুদ্ধসঙ্গীত, আবৃত্তি ও গান দিয়ে।
ছায়ানটের বিভিন্ন আয়োজনের আলোকচিত্র ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের আলোকচিত্র দিয়ে সাজানো হয় প্রদর্শনী।এতে উঠে আসেছায়ানটের ৫০ বছরের পথযাত্রা।
চারভাগে বিভক্ত এ প্রদর্শনীর প্রথম পর্বটি ছিল ১৯৬৭ থেকে ১৯৮৭ সালের সময়কালের আয়োজন। এ অভিযাত্রায় উঠে আসে বর্ষবরণের অনুষ্ঠানের সূচনাপর্ব, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে স্বৈরতন্ত্রের পতন। ১৯৮৮ থেকে ২০০১ সালের পথযাত্রায় উঠে আসে গণতন্ত্রের পুনর্জাগরণ, ২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে বোমা হামলা, যাকে সংস্কৃতির উপর আঘাত হিসেবে দেখছে সংগঠনটি।
২০০২ থেকে ২০১৩ সালের পথযাত্রায় উঠে আসে দেশচেতনার পুনর্গঠন, যুদ্ধাপরাধের বিচার ও যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের আর্ভিভাব।
সবশেষ পর্বটি ছিল ২০১৪ থেকে ২০১৬ সালের বর্ষবরণের আয়োজন, যাতে উঠে আসে গণতন্ত্রের উত্তরণ ও জঙ্গিবাদের কালো অধ্যায়।
সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই মঞ্চে আসেন ছায়ানটের শিক্ষকরা।চৈত্রের সন্ধ্যা দারুণ হয়ে ওঠে শুদ্ধ সুরে।এরপরে ছায়ানট বিদ্যায়তনের বড়দের দল সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত ‘এবার তোর মরা গাঙে’, একক কণ্ঠে বিক্রম দাশ গেয়ে শোনান ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’।
এরপর মঞ্চে আসেন শিল্পী সুতপা রায়। তিনি গেয়ে শোনান দ্বিজেন্দ্রলাল রায়ের ‘জীবনটাতো দেখা গেল’। এরপর শুক্লা পাল সেতু গেয়ে শোনান রজনীকান্ত সেনের ‘আমি অকৃতি অধম’।
তারপর আবার বড়দের দলের কণ্ঠে গীত হয় কাজী নজরুল ইসলামের ‘মোরা ঝঞ্চার মত উদ্দাম’। সুমনা বিশ্বাস আবৃত্তি করেন ‘চিরযাত্রী’কবিতাটি। নৃত্য সহযোগে বৃন্দ পরিবেশনায় ছিল রবীন্দ্রনাথের মূল গান ও ভাঙা গান। কোনো ধরনের আলাপচারিতা ব্যতীত এ আয়োজনটি এগিয়ে যেতে থাকে সুরের মূর্ছনায়।
একক সংগীত পরিবেশন করেন নবনীতা চক্রবর্তী, রেজাউল করিম, নাহিয়ান দূরদানা সূচি, লতিফুন জুলি, নাজমুল আহসান তুহিন।
ছোটদের দলের শিল্পীদের কণ্ঠে এ কে এম আব্দুল আজিজের রচনায় ‘কল কল ছল ছল’ গানটির মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।
রবীন্দ্রজন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে ১৯৬১ সালে ছায়ানটের যাত্রা শুরু। আপন সংস্কৃতিতে বাঁচার অধিকার ও বিশ্বাস প্রতিষ্ঠা করার জন্য এবং জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ ঘটাতে ১৯৬৭ সালে ‘ছায়ানট’বাংলা বছরকে আবাহন জানানোর প্রয়াস নেয়। গত পাঁচ দশক ধরে বাংলা নববর্ষের প্রথম প্রভাত অর্থাৎ পহেলা বৈশাখের প্রত্যুষে রমনার বটমূলে সঙ্গীতা আয়োজন করে আসছে তারা।
মুক্তিযুদ্ধ একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হল সম্প্রীতি উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান।
শুক্রবার বিকালে ঢাকায় রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় ধানমন্ডির রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে এ আয়োজন হয়।
এ আয়োজনে দুই মুক্তিযোদ্ধা কাজী রোকেয়া সুলতানা রাকা ও নাজমুল হাসান পাখিকে দেওয়া হয় সংবর্ধনা।
এছাড়াও সম্প্রীতির এ উৎসবে ছিল চলচ্চিত্র প্রদর্শনী, কবিতাপাঠ ও সঙ্গীতানুষ্ঠান। আয়োজনে বর্ণিলতা যোগ করে পটুয়া নাজিরের ‘পটের গান বাংলার বাঘ’ শীর্ষক পটচিত্র প্রদর্শনী।
হাসনা মওদুদের ‘মিস্ট্রি পোয়েট্রি অব বাংলাদেশ’
চর্যাপদ ইংরেজিতে অনুবাদ করে ‘মিস্ট্রি পোয়েট্রি অব বাংলাদেশ’ নামে বই এনেছেন কবি জসীমউদদীন কন্যা হাসনা মওদুদ।ভারতের নয়াদিল্লি ভিত্তিক পুস্তক প্রকাশনা সংস্থা ‘হার-আনন্দ’ এটি আগে প্রকাশ করলেও বাংলাদেশে প্রকাশিত হল শুক্রবার।
রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে হল এর প্রকাশনা অনুষ্ঠান।এতে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ।
হাসনা মওদুদ তার বক্তৃতায় বাবা কবি জসীমউদদীন, অধ্যাপক আবদুর রাজ্জাক ও শিল্পাচার্য জয়নুল আবেদিনকে স্মরণ করে বলেন, “তাদের সাহচর্যই তাকে এমন কাজে উৎসাহী করেছে।এ বইটি লেখার জন্য যেতে হয়েছে নেপাল, তিব্বত, মঙ্গোলিয়ায়, এমনকি ভুটানের পরিত্যক্ত মন্দিরেও।”
বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের লিটুর আয়োজনে অনুষ্ঠিত এই প্রকাশনা অনুষ্ঠান থেকে জানানো হয়, আগে চর্যাপদের জন্য তিব্বতি ও মঙ্গোলীয় অনুবাদ ও মুনি দত্তের সংস্কৃত টীকার ওপর গবেষকদের নির্ভর করতে হয়েছে। কিন্তু হাসনা জসীমউদদীন মওদুদ মূল পাণ্ডুলিপি থেকে চর্যাপদগুলোর ইংরেজি অনুবাদ করেছেন।
