কমনওয়েলথ রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে বসছে সম্মেলন
কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোয় মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক স্বাধীনতায় নানা বাধা ও চ্যালেঞ্জকে সামনে রেখে যুক্তরাজ্যে এবিষয়ক দুই দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
লন্ডন বিশ্ববিদ্যালয়ের সিনেট হাউজে ‘দ্যা কমনওয়েলথ অ্যান্ড চ্যালেঞ্জেস টু মিডিয়া ফ্রিডম’ শিরোনামে এ সম্মেলন শুরু হবে আগামী ৪ এপ্রিল।
সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর নেতৃত্বস্থানীয় সাংবাদিক, অ্যাকাডেমিক, আইনজীবী, ম্যাজিস্ট্রেট, বিচারক, নীতি নির্ধারক ও মানবাধিকার কর্মীরা অংশ নেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এর আয়োজক লন্ডন বিশ্ববিদ্যালয়ের অ্যাডিভান্স স্টাডিজ অনুষদভুক্ত কমনওয়েলথ স্টাডিজ ইনস্টিটিউট।
সম্মেলনে সাবেক কমনওয়েলথ মহাসচিব ব্যারোনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এবং গণমাধ্যম আইনজীবী মার্ক স্টিফেন থাকবেন বলেও জানানো হয়।
তাদের সঙ্গে সম্মেলনের একটি পর্বে ৫২ দেশের কমনওয়েলথ জোটের মধ্যে ১৩টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি যুক্তরাজ্যের সানডে টাইমস ও দি টেলিগ্রাফের মতো প্রকাশনা প্রতিষ্ঠান মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, বসতোয়ানা, শ্রীলঙ্কা, উগান্ডা, কেনিয়া ও রোয়ান্ডার মতো দেশগুলো গণমাধ্যমে সরকারি হস্তক্ষেপ ও বিভিন্ন বাধার বিষয়ে কথা বলবেন।
আর একটি পর্বে কাশ্মির, পাকিস্তান ও বাংলাদেশে সাংবাদিক, ব্লগার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের যেসব চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সেসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
