আজাদকে হারানো র্যাবের জন্য বিরাট ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী
র্যাবের গোয়েন্দা প্রধান মোহাম্মদ আবুল কালাম আজাদ দক্ষ ও চৌকস কর্মকর্তা ছিলেন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, তার মৃত্যুতে এই বাহিনীর বিরাট ক্ষতি হয়েছে।
জঙ্গি দমন অভিযানে গিয়ে প্রাণ হারানো এই সেনা কর্মকর্তার পরিবারের জন্য প্রয়োজনীয় সব কিছু করার আশ্বাস দিয়েছেন তিনি।
সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে নিরাপত্তা বাহিনীর অভিযানের মধ্যে গত ২৫ মার্চ সন্ধ্যার পর কাছের এলাকায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন আজাদ। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শুক্রবার বিকালে র্যাব সদরদপ্তরে আজাদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
তিনি বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন বাজি রেখে এই সমস্ত জঙ্গি-সন্ত্রাসীদের মোকাবেলা করছে। কোন কোন সময় তাদের আত্মাহুতি দিতে হচ্ছে, কোন কোন সময় আহত হচ্ছেন।
র্যাবে কর্মরত অবস্থায় পেশাগত দক্ষতার জন্য আজাদের পুরস্কারপ্রাপ্তির কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, “আজাদ একজন দক্ষ চৌকস অফিসার ছিলেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে র্যাবে কাজ করেছেন।
“তাকে হারিয়ে দেশের, র্যাব বাহিনীর জন্য বিরাট ক্ষতি হয়েছে।”
৩৪তম বিএমএ লং কোর্সে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করা আজাদ ছিলেন সেনা কমান্ডো। সেনাবাহিনীর বিভিন্ন শাখায় দায়িত্ব পালনের পর ২০১১ সালের ২৬ অক্টোবর একজন কোম্পানি কমান্ডার হিসেবে র্যাবে আসেন তিনি।
আবুল কালাম আজাদ
ঢাকায় র্যাবের সদরদপ্তরে আজাদের অফিস। সিলেটে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর পুলিশের কাউন্টার টেররিজম, সোয়াটসহ অন্যান্য শাখার সদস্যদের সঙ্গে সেখানে গিয়েছিলেন তিনি।
ওই জঙ্গি আস্তানার আধা কিলোমিটারের মধ্যে দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছিলেন। আজাদ ছাড়াও র্যাবের আরেক কর্মকর্তাসহ আহত হন ৪০ জনের বেশি মানুষ।
“এটা একটা অ্যাকসিডেন্ট বলে আমরা মনে করছি।”
নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এটা ঘটেছে কি না সে প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। কোনো সিকিউরিটি ফেইলর হয়নি।”
“যখন সেনাবাহিনীর প্রয়োজন তখন সেনাবাহিনী আসছে, যখন সোয়াট প্রয়োজন তখন সোয়াট আসছে, যেখানে র্যাবের প্রয়োজন সেখানে র্যাব যাচ্ছে। সবাই সবাইকে সহযোগিতা করছে। কোনো সমন্বয়হীনতা নেই।”
র্যাব সদরদপ্তরে শ্রদ্ধা নিবেদন ও জানাজার পর বনানী সামরিক কবরস্থানে আবুল কালাম আজাদকে দাফন করা হয়।
