স্প্লিন্টার মস্তিষ্কে আঘাত করায় আজাদের মৃত্যু: চিকিৎসক
বোমার স্প্লিন্টার মস্তিষ্কে ঢুকে যাওয়ায় র্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।
শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজাদের লাশের ময়নাতদন্তের পর ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, “বোমার একটি স্প্লিন্টার চোখ দিয়ে ঢুকে ব্রেইন ড্যামেজ করে ফেলে। আমরা মনে করছি যে, ওই স্প্লিন্টারের আঘাতেই তার মৃত্যু হয়েছে।”
সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনা কমান্ডোদের অভিযানের মধ্যে গত ২৫ মার্চ সন্ধ্যায় ওই বাড়ির কাছাকাছি এলাকায় বিস্ফোরণে আহত হন আজাদ। ওই বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন।
সেনা কর্মকর্তা আজাদকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হলেও পরিস্থিতির উন্নতির আশা না থাকায় বুধবার দেশে ফিরিয়ে এনে ঢাকা সিএমএইচে লাইফ সাপোর্টে রাখা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।
আজাদের জন্ম ১৯৭৫ সালের ৩০ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে। ৩৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ১৯৯৬ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন পান তিনি।
এরপর আজাদ ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আইও, অ্যাডজুটেন্ট এবং কোয়ার্টার মাস্টারসহ নানা দায়িত্ব পালন করেন।
সেনা কমান্ডো আজাদ সেনাসদর, ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং ১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টেও দায়িত্ব পালন করেছেন।
২০১১ সালের ২৬ অক্টোবর র্যাব-১২ এর একজন কোম্পানি কমান্ডার হিসেবে এই বাহিনীতে আসেন তিনি।
ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী আজাদকে ওই বছর শেষেই র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ে নেওয়া হয়। দুই বছর উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৩ সালের ৮ ডিসেম্বর ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক হন তিনি।
