২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের গোয়েন্দা প্রধান স্মরণে ফেইসবুক পেইজ

সিলেটে জঙ্গিবিরোধী অভিযানের মধ্যে বোমা বিস্ফোরণে আহত হয়ে মৃত্যবরণ করা র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ স্মরণে একটি ফেইসবুক পেইজ খুলেছে র‌্যাব কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2017, 08:38 PM

Updated : 19 Aug 2022, 04:11 PM

‘রিমেম্বার লে. কর্নেল আজাদ বিপিএম,পিপিএম’ নামে করা পেইজটির প্রোফাইল ছবি করা হয়েছে আজাদের একটি ছবি দিয়ে; আর র‌্যাবের বর্তমান মহাপরিচালক বেনজীর আহমেদের সঙ্গে আজাদের একটি ছবি দিয়ে করা হয়েছে কভার ছবি।

র‌্যাবের এক খুদে বার্তায় পেইজটির লিংক দিয়ে সমব্যাথীদের সেখানে শোক প্রকাশ করতে বলা হয়।

https://www.facebook.com/ltcolazad/ -ঠিকানার এই পেইজে লেফটেন্যান্ট কর্নেল আজাদের কর্মজীবনে ভ্রমণসহ বিভিন্ন অনুষ্ঠানের অংশ নেওয়া ১৯টি ছবি ছবি স্থান পেয়েছে।

এর মধ্যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বর্তমান ও সাবেক র‌্যাব প্রধানের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে কখনও শুভেচ্ছা পরিয়ে দেওয়ার সময়কার, আবার কখন বা বেজ পরিয়ে দেওয়ার ছবি শোভা পায়।

বর্তমান মহাপরিচালক থেকে ক্রেস্ট নেওয়ার একটি ছবিতে একজনের মন্তব্য, ‍“ভাই, জান্নাত থেকে এই জাতির জন্য দোয়া করবেন, যাতে এই হায়নাদের হাত থেকে দেশ মুক্ত হয়।”

কেউ কেউ তাকে প্রকৃত হিরো অভিহিত করে লিখেছেন নানা মন্তব্য।

এদিকে বোমার স্প্লিন্টারের আঘাতেই গোয়েন্দা প্রধান আজাদের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন।

শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‍“নিহতের বাম চোখের ভেতর দিয়ে একটি স্প্লিন্টার মস্তিষ্কে ঢুকে গেছে। ”

পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোহেল মাহমুদ বলেন, ‍“এক ইঞ্জি লম্বা ও আধা ইঞ্জি চওড়া ওই স্প্লিন্টার বাম চোখ দিয়ে ঢুকে যায় মস্তিষ্কে। এই স্প্লিন্টারের কারণে র‌্যাব কর্মকর্তার মৃত্যু হয়।”

সিলেটে জঙ্গিবিরোধী অভিযানের মধ্যে গত ২৫ মার্চ রাতে বোমা বিস্ফোরণে আহত হওয়ার পর র‌্যাব কর্মকর্তা আজাদকে সিলেট থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল ও পরে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা আজাদকে চিকিৎসকরা বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।

ইতোমধ্যে শুক্রবার দুপুরে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে এবং র‌্যাব সদর দপ্তরে জানাজার পর বিকালে ঢাকার বনানী সামরিক কবরস্থানে সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।

আজাদের জন্ম ১৯৭৫ সালের ৩০ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে। ৩৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ১৯৯৬ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন তিনি।

এরপর আজাদ ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আইও, অ্যাডজুটেন্ট এবং কোয়ার্টার মাস্টারসহ নানা দায়িত্ব পালন করেন।

সেনা কমান্ডো আজাদ সেনাসদর, ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং ১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে দায়িত্ব পালন করেছেন।

২০১১ সালের ২৬ অক্টোবর র‌্যাব-১২ এর একজন কোম্পানি কমান্ডার হিসেবে এই বাহিনীতে আসেন তিনি।

ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী আজাদকে ওই বছর শেষেই র‌্যাবের ইন্টেলিজেন্স উইংয়ে আনা হয়। দুই বছর উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৩ সালের ৮ ডিসেম্বর ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক হন তিনি।

আজাদের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুরনো খবর:

সিলেটে বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা প্রধানের মৃত্যু
বনানী সামরিক কবরস্থানে শায়িত র‌্যাবের গোয়েন্দা প্রধান