গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২২তম সম্মেলন শুরু
সাম্প্রদায়িক উগ্রবাদ প্রতিহত করার প্রত্যয়ে রাজধানীতে শুরু হয়েছে গ্রুপ থিয়েটার ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন।
শুক্রবার সকাল ১০টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ২২তম সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনীতে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় থিয়েটারকর্মীদের আরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
“সারা বিশ্বজুড়েই চলছে সন্ত্রাস-সহিংসতা; বি-মানবিকীকরণ চলছে দেশে দেশে। সারা পৃথিবীতে যখন হিংসার মতাদর্শ প্রতিষ্ঠা হয়েছে, তখন শিল্প সাহিত্যের মাধ্যমেই আমরা মানবিক বিকাশ ঘটাতে পারি। মঞ্চ নাটক হতে পারে প্রধানতম অনুষঙ্গ।”
সম্মেলনের প্রতিপাদ্য ‘মানবের দেশে আমার, দানব নাহি রবে’কে সময়োপযোগী হিসেবেও অভিহিত করেন উপাচার্য।
একবিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে জঙ্গিবাদের বিস্তৃতি অচিন্তনীয় মন্তব্য করে এর পেছনের কারণ খুঁজে বের করার ওপর জোর দেন অধ্যাপক আরেফিন।
“আজকে যারা জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে, তারা তো আমাদের আত্মীয়-স্বজন। তারা কেন জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে, তার কারণ খুঁজে বের করা মুশকিল।
“তথ্যপ্রযুক্তি আর রাসায়নিক প্রযুক্তিকে নানাভাবে অপব্যবহার করছে তারা। তাদের মন মানসিকতায় ক্যান্সার এমন স্তরে পৌঁছে গেছে যে জিন থেরাপি দিয়েও তার নিরাময় সম্ভব নয়।”
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাবন্ধিক মফিদুল হক উগ্রবাদ দমনে সাংস্কৃতিক আন্দোলন বেগবান করার আহ্বান জানান।
তিনি বলেন, “মঞ্চনাটকে জীবনের প্রতিফলন ঘটে, এতে ফুটে উঠে নাগরিক সত্তার কথা। নাট্য আন্দোলনের সমগ্রতা, ব্যাপকতা আরও ছড়িয়ে দিয়ে সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে।”
নাট্য সংগঠক আতাউর রহমান বলেন, “আমরা এখনও নাটককে পেশাদারিত্বে রূপ দিতে পারিনি। সংস্কৃতিবান্ধব প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলব, বাজেটে যেন নাট্যচর্চার জন্য একটি থোক বরাদ্দ রাখা হয়।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাট্যকর্মীদের দীর্ঘমেয়াদে ধরে রাখতে না পারায় হতাশা ব্যক্ত করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী।
“এটি সত্যি যে আমরা নাটকে যাদের গড়ে তুলছি, তাদের মধ্যে কজন আর মূল নাট্যধারায় সম্পৃক্ত থাকছে? ২০১২ সালে নাট্যচর্চাকে পেশাভিত্তিক চর্চায় রূপ দিতে সংস্কৃতি মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়েও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা গিয়েছিল। কিন্তু তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি।”
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লাকী এবার নাট্যচর্চাকে পেশাভিত্তিক চর্চায় রূপ দেওয়ার দাবিকে আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। ফেডারেশনের বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার গাজীপুরের হোতাপাড়া খতিব বাড়িতে দিনব্যাপী থিয়েটার ক্যাম্প অনুষ্ঠিত হবে।
