২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের উপহারে অনিয়ম: আপিল শুনানি সোমবার

রাষ্ট্রপতি থাকা অবস্থায় হুসেইন মুহাম্মদ এরশাদের উপহার দুর্নীতির মামলায় দুই পক্ষের আপিল একসঙ্গে শুনানির জন্য সোমবার দিন ঠিক করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 06:12 PM

Updated : 11 Apr 2022, 11:18 PM

এই মামলার শুনানির জন্য আপিল বিভাগের ঠিক করে দেওয়া বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

সেই সঙ্গে এরশাদের সাজা বাড়াতে সরকারের পক্ষ থেকে করা দুটি আপিলেও পক্ষভুক্ত হতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করেছে আদালত।

আদালতে শুনানিতে এরশাদের পক্ষে ছিলেন শেখ সিরাজুল ইসলাম; দুদকের পক্ষে খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, গত ২৭ মার্চ আপিল শুনানির জন্য প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠন করে দিলে বুধবার দুদক সরকারের আপিলে পক্ষভুক্ত হতে আবেদন করে। আদালত দুদকের আবেদনটি মঞ্জুর করেছে। আগামী ৩ এপ্রিল আপিল শুনানির জন্য মামলাটি কার্যতালিকায় আসবে।

১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ ওঠে এরশাদের বিরুদ্ধে। এ অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর উপ-পরিচালক সালেহ উদ্দিন আহমেদ সেনানিবাস থানায় এরশাদের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলায় এককোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়।

১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেয়। একইসঙ্গে ওই অর্থ ও একটি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।

এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন এরশাদ। ২০১২ সালের ২৬ জুন সাজার রায়ের বিরুদ্ধে এরশাদের আপিলে পক্ষভুক্ত হয় মামলার বাদী দুদক।

গত ৯ মার্চ এ মামলায় আপিল শুনানি শেষ হলে ২৩ মার্চ রায়ের দিন রাখা হয়। কিন্তু এরশাদের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের দুটি আপিল অনিষ্পন্ন থাকায় রায় আর হয়নি।

বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ এ মামলার সব ফাইল পাঠিয়ে দেন প্রধান বিচারপতির কাছে। গত ২৭ মার্চ প্রধান বিচারপতি নতুন বেঞ্চ ঠিক করে দিলে তিনটি আপিলই কার‌্যতালিকায় আসে।

পরে বুধবার দুদক সরকারের আপিলে পক্ষভুক্ত হতে আবেদন করে, যেটি বৃহস্পতিবার মঞ্জুর করলো হাই কোর্ট।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের মর্যাদায় রয়েছেন। বিএনপিবিহীন সংসদে বিরোধীদলীয় নেতার ভূমিকায় আছেন তার স্ত্রী রওশন এরশাদ।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে এরশাদ নির্বাচন কমিশনে যে হলফনামা দেন, তাতে তখনও আটটি মামলা থাকার কথা বলা ছিল। বাকি মামলাগুলো থেকে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন, অথবা মামলার নিষ্পত্তি হয়ে গেছে।

এই আট মামলার মধ্যে চারটির কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। মঞ্জুর হত্যাসহ তিনটি মামলা বর্তমানে চালু রয়েছে।

পুরনো খবর:

এরশাদের উপহারে অনিয়ম: আপিল শুনতে নতুন বেঞ্চ