২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি শামসুদ্দিন মানিককে ঢাকার আদালতের সমন

প্রধান বিচারপতি এস কে সিনহাকে ‘শান্তি কমিটির সদস্য ও রাজাকার’ বলার ব্যাখ্যা দিতে নিম্ন আদালতে হাজির হতে হচ্ছে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 09:01 PM

Updated : 19 Aug 2022, 04:10 PM

টেলিভিশনে এক আলোচনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের মন্তব্যে ক্ষুব্ধ এক আইনজীবীর করা মানহানির মামলা আমলে নিয়ে বুধবার সমন জারির এই আদেশ দেন ঢাকার মহানগর হাকিম এ কে এম মাঈনুদ্দিন সিদ্দিকী।

গত বছর আপিল বিভাগ থেকে অবসরে যাওয়া বিচারপতি শামসুদ্দিন মানিককে ২১ মে’র মধ্যে নিম্ন আদালতে হাজির হতে হবে।

ঢাকা মেট্রোপলিটান আইনজীবী সমিতির সাবেক সভাপতি আরফান উদ্দিন খান এই মামলাটি করেন গত ১৫ মার্চ ডিবিসি নিউজে এক আলোচনা অনুষ্ঠানে বিচারপতি শামসুদ্দিন মানিকের বক্তব্য ধরে।

বিচারপতি শামসুদ্দিন মানিককে উদ্ধৃত করে মামলার আরজিতে বলা হয়, “১৯৭১ সালে তিনি কুখ্যাত শান্তি কমিটির সদস্য ছিলেন। শান্তি কমিটির সদস্য মানে রাজাকার ছিলেন। যেদিন থেকে প্রধান বিচারপতি হয়েছেন সেদিন থেকে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং দেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছেন।”

উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, মানহানিকর, অবমাননাকর বক্তব্য জনগণের সামনে দিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বিচার ব্যবস্থার মানমর্যাদা ক্ষুণ্ন এবং প্রধান বিচারপতিকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ আইনজীবী আরফানের।

আরজিতে টেলিভিশনে ওই আলোচনা অনুষ্ঠানের সঞ্চালক নবনীতা চৌধুরী ও কয়েকজন আইনজীবীসহ নয়জনকে সাক্ষী করা হয়েছে।

আইনজীবী আরফান আরজিতে আরও বলেন, গত ১৬ মার্চ বিচারপতি শামসুদ্দিনকে আইনি নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু বক্তব্য প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়ে তার উত্তর গণমাধ্যমে আসে।

Image
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী

বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী

একই অভিযোগে আরেক আইনজীবীর পাঠানো নোটিসের জবাবে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী তার আইনজীবীর মাধ্যমে বলেন, তিনি ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদন উদ্ধৃত করে টেলিভিশনে ওই কথা বলেছিলেন।

জবাবে বলা হয়, “বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নিজেই প্রকাশ্য আদালতে স্বীকার করেছেন যে ১৯৭১ সনে তিনি শান্তি কমিটির সদস্য ছিলেন। এটা তার নিজের স্বীকারোক্তি বিধায় আমার মক্কেলের নিজস্ব মতামত নয়।”

২০১৪ সালে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. কামারুজ্জামানের আপিল শুনানিতে বিচারপতি সিনহা ওই কথা বলেছিলেন বলে জানান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী।তখন আপিল বিভাগের সদস্য ছিলেন শামসুদ্দিন চৌধুরী।

গত বছর অবসরে যাওয়ার সময় বিচারপতি মানিকের সঙ্গে প্রধান বিচারপতি এস কে সিনহার ‘দ্বন্দ্ব’ আলোচনা তৈরি করেছিল। রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করার অভিযোগ তুলে বিচারপতি সিনহার পদত্যাগও চেয়েছিলেন বিচারপতি মানিক।

পুরনো খবর:

বিচারপতি সিনহাকে ‘রাজাকার’ বলায় বিচারপতি মানিককে আইনি নোটিস