২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনা হল র‌্যাবের গোয়েন্দা প্রধানকে

সিলেটে বোমা বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের অবস্থার কোনো উন্নতি না ঘটলেও তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 06:01 PM

Updated : 19 Aug 2022, 04:10 PM

বুধবার রাত সাড়ে ৮টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় বলে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

লেফটেন্যান্ট কর্নেল আজাদের অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।

মুফতি মাহমুদ বলেন, “সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শেই তাকে ফিরিয়ে আনা হয়। সেখানে তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছিল, এখানেও সে চিকিৎসা দেওয়া হবে।”

আজাদকে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের সায় নেওয়া হয় বলে র‌্যাবের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান।

সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনা কমান্ডোদের অভিযানের মধ্যে শনিবার সন্ধ্যার পর কাছের এলাকায় বিস্ফোরণে আহত হন আজাদ। ওই বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন।

সেনা কর্মকর্তা আজাদকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে আনা হয়েছিল। রোববার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

পুরনো খবর:

সিলেটে বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬
সিঙ্গাপুরে পাঠানো হল র‌্যাবের গোয়েন্দা প্রধানকে