২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদ্রোহ: খালেদার মামলা ৬ মাস স্থগিত

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বক্তব্যের জন্য দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলার কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 05:38 PM

Updated : 19 Aug 2022, 04:10 PM

গত ৫ জানুয়ারি খালেদার করা আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এন এন বসির উল্লাহর হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার অভিযোগ আমলে নেওয়া কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুলও দিয়েছে আদালত। 

খালেদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

পরে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, “এ মামলা চলতে পারে না। কারণ মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কোনো বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে না। এছাড়া মামলাটি রাষ্ট্র করেনি। করেছেন ব্যক্তি। এ কারণে আদালত ছয় মাসের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছে।”

২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ খালেদা জিয়া বলেন, “আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই কিতাবে নানা রকম তথ্য আছে।”

এরপর ২৩ ডিসেম্বর খালেদা জিয়ার বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাব পাওয়া যাচ্ছে অভিযোগ করে তা প্রত্যাহার করতে উকিল নোটিস পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। নোটিসের জবাব না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি।

পরে ২০১৬ সালের ২১ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ জানুয়ারি এ অনুমোদনের চিঠি হাতে পেয়ে পরদিন ঢাকার সিএমএম আদালতে মামলা করেন মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

ওইদিন খালেদা জিয়াকে ৩ মার্চ হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন আদালত। পরে একদফা সময় নিয়ে ১০ এপ্রিল সিএমএম আদালতে হাজির হয়ে জামিন নেন খালেদা জিয়া।

পরে মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আসে। ২০১৬ সালের ১০ অগাস্ট এই মামলার অভিযোগ আমলে নেয় আদালত। ওইদিন হাজির হয়ে এ আদালত থেকেও জামিন নেন খালেদা।

এরপর চলতি বছরের ৫ জানুয়ারি এ মামলার অভিযোগ আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করেন খালেদা জিয়া। সেটির শুনানি নিয়ে বুধবার রুলসহ এ মামলার কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেয় আদালত।