কোরবানি পর্যন্ত হাজারীবাগেই থাকতে চান ট্যানারি মালিকরা
আগামী ঈদুল আযহা পর্যন্ত হাজারীবাগেই কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে হাই কোর্ট আবেদন করেছেন ট্যানারি মালিকরা।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ প্রথম দিনের শুনানি শেষে বুধবার পরবর্তী শুনানির দিন রাখে।
এক রিট আবেদনে হাজারীবাগের সব ট্যানারি বন্ধে একই বেঞ্চের দেওয়া রায় আপিলেও বহাল থাকার পর চামড়া শিল্প মালিকদের দুটি সংগঠন বৃহস্পতিবার এ আবেদন করে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস, ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার উপমা বিশ্বাস ও অ্যাডভোকেট স্বপ্নীল ভট্রাচার্য।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক। রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান।
পরে রিজওয়ানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোরবানি ঈদ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে ট্যানারি মালিকদের সংগঠন গত সপ্তাহে একটি আবেদন করে। আজ সেটির ওপর আবেদনকারীদের আইনজীবী শুনানি করেছেন। তাদের শুনানি শেষ হয়েছে। আগামীকাল আমরা শুনানি করব।”
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিট আবেদন শুনে গত ৬ মার্চ হাজারীবাগে থাকা সব ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধের নির্দেশ দেয় হাই কোর্ট।
ওই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আপিল করলেও হাই কোর্টের আদেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট।
