২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাইওয়ে পুলিশের অভিযান সোনার বার জব্দ

কুমিল্লায় ঢাকাগামী একটি বাসের এক যাত্রীর কাছ থেকে ১৩টি সোনার বার উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2017, 06:10 PM

Updated : 19 Aug 2022, 04:07 PM

বুধবার চৌদ্দগ্রামে বাসটি থামিয়ে ওই সোনা উদ্ধার করা হয় বলে হাইওয়ে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একই দিনে মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮২ বোতল ফেনসিডিল, ছয় কেজি গাঁজা ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার করা হয় মোট ছয়জনকে।

কুমিল্লার মিয়ারবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই আমান উল্লাহ’র নেতৃত্বে একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রামের হাড়িসর্দার বাইপাস এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাস থামিয়ে সোনাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসের যাত্রী আশরাফুল করিম স্বপনকে (৪০) আটক করে তার কাছ থেকে প্রতিটি ১০ ভরি ওজনের ১০টি সোনারবার উদ্ধার করা হয়। যার দাম ৫২ লাখ টাকা।

ময়নামতি হাইওয়ে থানার এসআই আলাউদ্দিন সরকার ও এসআই মনির হোসেনের নেতৃত্বে একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর নাঈমুল ফিলিং স্টেশনের সামনে একটি মোটর সাইকেল আটক করে।

মোটরসাইকেল আারোহী দুলাল হোসেন (৩৬), বাহার মিয়া (৫০) ও আলমগীর হোসেন রনির (২০) কাছে ১৪০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজা পাওয়া যায় বলে হাইওয়ে পুলিশ জানায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার তীরচর নামক স্থানে তিন কেজি গাঁজাসহ শাহ আলম ওরফে চঞ্চল (২৩) নামে একজনকে গ্রেপ্তার করে।  

এছাড়া বগুড়ার বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক জি এম শামছুন নূর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ সেলিনা (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করে।