বঙ্গবন্ধুর আদর্শে জঙ্গিবাদমুক্ত পৃথিবী গড়তে হবে: ঢাবি ভিসি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে শিক্ষা নিয়ে জঙ্গিবাদমুক্ত পৃথিবী গড়ে তোলার উপর জোর দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিয়ে পরিবার, সমাজ তথা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। জঙ্গিবাদমুক্ত পৃথিবী গড়ে তুলতে হবে।”
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।
উপাচার্য বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শের সঙ্গে নতুন প্রজন্মকে সংযুক্ত করতে হবে।শুধু বিশেষ দিনে নয়, প্রতিদিনই শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে হবে।
“বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে পারলেই শিশুরা পরিপূর্ণ মানুষ হিসাবে বিকশিত হতে পারবে।”
অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মফিজুর রহমান আলোচনা সভায় বক্তব্য দেন।
এর আগে সকালে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
পরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, আবাসিক হল, হোস্টেল, মসজিদ ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
