ভাস্কর্যের বঙ্গবন্ধু আলোকচিত্রে
দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো আলোকচিত্রে একত্রিত হয়েছে চারুকলার এক প্রদর্শনীতে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ প্রদর্শনী শুরু হয়, যাতে দেশের বিভিন্ন স্থানে থাকা বঙ্গবন্ধুর ২০টি ভাস্কর্যের ছবি স্থান পেয়েছে।
রয়েছে কলকাতায় নির্মিত বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্যের আলোকচিত্রও। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে সেখানকার বিখ্যাত বেকার হোস্টেলে এটি নির্মাণ করা হয়।
কলকাতার ইসলামিয়া কলেজে পড়ার সময় এই হোস্টেলে থাকতেন বঙ্গবন্ধু। সেই কলেজের নাম এখন মাওলানা আজাদ কলেজ।
প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট। এতে শহীদুজ্জমান বাদল ও শেখ আবু সিদ্দিক রোকন নামে দুই আলোকচিত্রীর তোলা ৫০টি ছবি স্থান পেয়েছে।
এ দুজনের মধ্যে বাদল ফটোগ্রাফিক ইনস্টিটিউটটির পরিচালনায় রয়েছেন; আর সেই প্রতিষ্ঠানেই ফটোগ্রাফির একটি কোর্স করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র শেখ আবু সিদ্দিক রোকন। সেখানেই তাদের পরিচয়।
বঙ্গবন্ধুর ভাস্কর্যের আলোকচিত্র নিয়ে চারুকলায় প্রদর্শনী
কয়েক বছর আগে গুরু-সাগরেদ মুক্তিযুদ্ধের ভাস্কর্য নিয়ে কাজ করতে গিয়ে আলাদা করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কাজ শুরু করেন।
বাদল জানান, দেশে বর্তমানে বঙ্গবন্ধুর মোট ২৩টি ভাস্কর্য রয়েছে। তিনটির ছবি প্রদর্শনীতে আসেনি। এই তিন ভাস্কর্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে, দিনাজপুরের মোহনপুরে এবং খুলনা বেতারে অবস্থিত।
কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য রয়েছে, সেটি বেশ অযত্ন অবহেলায় রয়েছে। ময়লা জমে গেছে। যেন পরিচর্যা করার কেউ নেই।
বঙ্গবন্ধুর ভাস্কর্যের আলোকচিত্র নিয়ে চারুকলায় প্রদর্শনী
এত বড় দেশে জাতির জনকের এত কম ভাস্কর্যও কষ্ট দিয়েছে বাদলকে।
তিনি বলেন, “ভাস্কর্যে বেশ খরচও হয়। তবে বঙ্গবন্ধুকে ছড়িয়ে দিতে ম্যুরাল চিত্র করা যেতে পারে। এতে খরচ কম। তবে দীর্ঘমেয়াদে অবশ্যই এটা নিয়ে সরকারের উদ্যোগ থাকতে হবে।”
বিভিন্ন কাজে অনেকবার ভারত ঘুরতে যাওয়া শেখ আবু সিদ্দিক রোকন এক প্রশ্নের জবাবে বলেন, “ভারতে গান্ধীর ভাস্কর্য চর্চা এক অন্য জায়গায় পৌঁছেছে। সেখানে এটা সমাজে একটা প্রতিষ্ঠিত বিষয়। আর আমাদের এখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য চর্চা একেবারে প্রাথমিক অবস্থায় রয়েছে।
“স্বাধীনতার পর আমাদের কোনো কিছু পদ্ধতি অনুসারে আগায়নি। মৌলবাদ ও জঙ্গিবাদ আমাদের সমাজের সব জায়গায় ছড়িয়েছে, যার প্রভাব পড়েছে এখানেও। ভারতে রাজনীতি নানাভাবে এগিয়েছে। তার প্রভাব অনেকাংশেই সংস্কৃতিতে পড়েনি।”
বঙ্গবন্ধুর ভাস্কর্যের আলোকচিত্র নিয়ে চারুকলায় প্রদর্শনী
বঙ্গবন্ধুকে নিয়ে কাজের কারণ সম্পর্কে রোকন বলেন, “রশীদ তালুকদারের কাছে আমি মুক্তিযুদ্ধের ছবি তোলার গল্প শুনেছি। তখন মনে হত, ইশ, আমি যদি সেই সময়ে একটা ছবিও তুলতে পারতাম, তাহলে জীবন স্বার্থক হয়ে যেত।
“এই তাড়না থেকেই পরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নিয়ে কাজ করি। আমাদের সেই কাজটা শেষ হয়েছে। যদিও এখনও কোনো প্রদর্শনী করিনি।”
আগামী ২২ মার্চ পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
