ইরাদ সিদ্দিকী ফের রিমান্ডে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে তথ্য প্রযুক্তি আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার এসআই নাজমুল হক তাকে আদালতে হাজির করে জিজ্ঞসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আফসানা আবেদিন দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আনোয়ারুল কবির জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গতবছর সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উসকানি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে স্ট্যাটাস দিয়েছিলেন ইরাদ।
“সেখানে তিনি বলেছিলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রীর মৃত্যু না হলে দেশের গণতন্ত্রের ভারসাম্য ফিরবে না। বঙ্গবন্ধুকে নিয়েও আজে-বাজে কথা লিখেছিলেন তিনি।”
এ ঘটনায় গত বছরের ১ অক্টোবর ধামরাই থানায় ইরাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়।
রিমান্ডের শুনানিতে ইরাদ সিদ্ধিকীর পক্ষে কোনো আইনজীবী অংশ নেননি, রিমান্ড বাতিলের জন্যও আবেদন হয়নি।
শুনানিতে বিচারক ইরাদ সিদ্দিকীকে উদ্দেশ্য করে বলেন,“আপানার কি কোনো আইনজীবী নেই?”
উত্তরে স্মিত হেসে ইরাদ বলেন, “আই হ্যাভ এ কাউন্সেল আউটসাইড দ্য কোর্ট।”
তথ্য প্রযুক্তির আরেক এক মামলায় গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। সেই থেকে কারা অন্তরীণ আছেন তিনি।
