২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে ইরাদ সিদ্দিকী কারাগারে

সাবেক বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 08:06 PM

Updated : 19 Aug 2022, 03:52 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তির অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের এক মামলায় চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার পুলিশ তাকে আদালতে হাজির করলে ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ আদেশ দেন।

ইরাদের আইনজীবী জামিনের আবেদন করলেও শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন বলে প্রসিকিউশন পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান।

মামলার নথিতে বলা হয়, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর ইরাদ সিদ্দিকী ফেসবুকে এক পোস্ট দেন। সেখানে লেখা হয়, “শেখ হাসিনাকে গুপ্তহত্যা ছাড়া বাংলাদেশে ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।”

ওই দিনই বঙ্গবন্ধুকে নিয়ে একটি ব‌্যাঙ্গাত্মক ছবি আসে ওই ফেইসবুক পাতায়। তার আগে ১৫ সেপ্টেম্বর রাতে আরেকটি স্ট্যাটাসে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ করা হয় মামলায়।

এ অভিযোগে গতবছর অক্টোবর মাসে ঢাকার কোতয়ালি থানায় ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে এই মামলা করা হয়।

একই ঘটনায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুটি এবং গাজীপুর ও বগুড়ায় একটি করে মামলা হয় তার বিরুদ্ধে।

এরপর চলতিবছর ২৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকার বিমানবন্দর সড়ক থেকে ইরাদকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

পরে তাকে আদালতে হাজির করে পুলিশ কোতোয়ালির মামলায় রিমান্ডের আবেদন করলে বিচারক হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। 

২০১২ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে (পরে ওই ভোট হয়নি) প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিলের আগে ইরাদ অভিযোগ তুলেছিলেন, বিএনপির প্রার্থী করার বিনিময়ে তার কাছে অর্থ চেয়েছিলেন খালেদা।

ছেলের ওই ভূমিকার কারণে দল থেকে বহিষ্কৃত হন বিএনপির স্থায়ী কমিটির সদস‌্য তানভীর সিদ্দিকী। এরপর থেকে তানভীর ও ইরাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে দলটির নেতাদের ভাষ‌্য।

পুরনো খবর:

ইরাদ সিদ্দিকী গ্রেপ্তার