২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন থামাতে গার্হস্থ্যের ছাত্রীদের বাড়িতে ফোন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট মর্যাদা পেতে আন্দোলনকারী ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের বিরুদ্ধে হুমকি ও চাপ দেওয়ার অভিযোগ তুলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 09:15 PM

Updated : 19 Aug 2022, 04:01 PM

শিক্ষার্থীরা বলছেন,শিক্ষকরা তাদের বাড়িতে ফোন করে আন্দোলন থেকে সরিয়ে নিতে অভিভাবকদের চাপ দিচ্ছেন।

শিক্ষার্থীদের অভিভাবকদের ফোন করার কথা স্বীকার করলেও কোনো ধরনের চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাতিমা সুরাইয়া।

ইনস্টিটিউটের দাবিতে দেন-দরবার চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সাড়া না পাওয়ার পর গত দিন দিন ধরে প্রতিদিন কলেজ সংলগ্ন নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করছে গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীরা।

বুধবার আড়াই ঘণ্টা সড়ক অবরোধের পর বৃহস্পতিবার ‘মহাসমাবেশের’ কর্মসূচি দিয়ে নীলক্ষেত মোড় ছাড়ে তারা।

বিক্ষোভের সময় আন্দোলনকারীদের মুখপাত্র শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তারীন সুলতানা শাম্মী বলেন, “আমার বাবাকে অধ্যক্ষ ম্যাডাম ফোন দিয়ে বলেছেন, আন্দোলনে অংশগ্রহণ করলে আমার বিরুদ্ধে মামলা করা হবে।”

ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিছুদিন ধরেই পরিবারের কাছে ফোন করে নানা ধরনের ‘মিথ্যা ও বানোয়াট তথ্য’ দিয়ে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারহানা আলম তোড়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মায়ের কাছে ফোন দিয়ে প্রিন্সিপাল ম্যাম বলেছেন, আমি নাকি ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছি ও রাস্তাঘাটে ভাংচুর করছি। আমাকে যদি প্রতিহত না করা হয়, তাহলে কলেজ থেকে বহিষ্কার করা হবে বলেও হুমকি দিয়েছেন প্রিন্সিপাল ম্যাম।”

“মিছিলে এলেও মেয়েদের চলে যেতে বাধ্য করছেন শিক্ষকরা, এভাবে আন্দোলন বন্ধ করতে এক ধরনের অদৃশ্য চাপ সৃষ্টি করছেন তারা,”  বলেন আন্দোলনকারীদের অন্যতম মুখপাত্র ক্লদিং অ্যান্ড টেক্সটাইল বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী সাব্রিন সুলতানা সুমীনূর।

তিনি বলেন, একারণে আগের দিন সড়ক অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকেই আন্দোলনে আসতে ভয় পাচ্ছেন।

শিক্ষকদের ‘হুমকির কারণে' মাইক সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে মাইক ভাড়াও পাচ্ছেন না বলে জানান সুমীনূর।

Image
গাড়ি আটকে বিক্ষোভ

গাড়ি আটকে বিক্ষোভ

শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান বলেন, “আমাদের সামনেই শিক্ষকরা পুলিশকে বলছে, যেভাবেই পারুক আমাদের থামাতে। বাবা-মাকে ফোন দিয়ে বলছে, আমাদের থামানো না হলে রিকশাওয়ালারা আমাদের মারবে।

“কখনও শিক্ষকরা মে মাসের ইয়ার ফাইনাল পরীক্ষা নভেম্বরে পিছিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, কখনও বলছেন এ বছর ফাইনাল না নিয়ে ২০১৮ সালে নেওয়া হবে।”

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে ফাতিমা সুরাইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই অভিযোগ একবারেই সত্য নয়। আমি কোনো হুমকি দিইনি। তবে আমাদের শিক্ষকরা ছাত্রীদের বাসায় কল দিয়ে তাদের বাবা-মাকে আন্দোলনের বিষয়ে অবগত করেছে।”

ফোন কেন করা হয়েছে- প্রশ্নে তিনি বলেন, “জনদুর্ভোগ কমাতেই আমাদের এই পদক্ষেপ হাতে নিতে হয়েছে।”

শিক্ষার্থীদের সড়ক অবরোধের তীব্র সমালোচনা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, “এটা সন্ত্রাসীর কাজ। ওদের এই কাজের ফল কখনোই ভাল হবে না।”

পুরনো খবর:

‘প্রশাসন ভাবছে, মেয়ে বলে আন্দোলন ছেড়ে দেব’