ভবিষ্যৎ শ্রমশক্তির স্বার্থে নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ
ভবিষ্যত শ্রমশক্তির সুরক্ষার প্রয়োজনে নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেওয়ার তাগিদ এসেছে রাজধানীর একটি আলোচনা সভা থেকে।
সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও জাগরণ ফাউন্ডেশন।
আলোচনায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, “নারীর স্বাস্থ্য সুরক্ষা কেবল নারীর জন্য প্রয়োজন না। সমাজের উৎপাদন শক্তিকে বিকশিত করার স্বার্থেই নারীর স্বাস্থ্য সুরক্ষা প্রয়োজন। কারণ একজন মানুষের শারীরিক সক্ষমতা যন্ত্রের সক্ষমতাকে বাড়িয়ে তুলে।”
ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে নারীর ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নারী কেবল উৎপাদন করে না, পুনরুৎপাদনও করে। নারী ভবিষ্যতের শ্রম শক্তি তৈরি করে। এই নারীর স্বাস্থ্য দুর্বল হলে ভবিষ্যৎ প্রজন্মও অক্ষম হবে।”
নারীর দুর্বলতার বিষয়ে প্রচলিত দৃষ্টিভঙ্গির জন্য সমাজ ব্যবস্থাকে দায়ী করে রতন বলেন, “আমরা বলি, নারীর ফিজিক্যাল এবিলিটি কম। এটা কোথা থেকে হল?
“এর কারণ হল সমাজে নারীকে সবক্ষেত্রে বঞ্চিত করা হয়। আর যে সমাজে মা বঞ্চনার শিকার হয়, তার সন্তান সবল হবে কিভাবে?”
নারীর স্বাস্থ্য সুরক্ষায় নজর দেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, “ভবিষ্যৎ শ্রম শক্তির স্বার্থেই নারীর স্বাস্থ্য সুরক্ষা প্রয়োজন। কেননা, নারীর স্বাস্থ্য সমস্যা থাকলে তা পুরুষের মধ্যেও সংক্রমিত হবে।
“দেশে ৪ কোটি মানুষের স্বাস্থ্য সমস্যা রয়েছে বলা হয়। কিন্তু তাতে দেখা যাবে, নারীই সাড়ে ৩ কোটি। তাহলে আমরা উন্নত দেশ হচ্ছি কিভাবে?”
এ সমস্যা সমাধানে গোটা সমাজকে বিবেচনায় নেওয়ার আহ্বান জানান রাজেকুজ্জামান রতন।
“নারীর স্বাস্থ্য সমস্যার সাথে রাজনীতি, অর্থনীতি, সুশাসনসহ গোটা সমাজব্যবস্থা জড়িত। তাই এ সমস্যা সমাধানে গোটা সমাজ নিয়েই ভাবতে হবে।”
আলোচনা সভায় সদ্য পাস হওয়া বাল্য বিবাহ নিরোধ আইনের সমালোচনা করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী।
“ওখানে রাখা হচ্ছে যে, বাবা-মা বা অভিভাবক না থাকলে কম বয়সে বিয়ে দেওয়া যাবে। ছেলেমেয়ে প্রেম করে প্রেগন্যান্ট হয়ে গেল, বাবা-মার সাথে আলোচনা করে বিয়ে দেওয়া যাবে। কিন্তু যার কেউ নেই, তাকে সুরক্ষার দায়িত্ব তো সরকারের।”
তিনি বলেন, “মানসিকতাটা দেখেন কি রকম, প্রেম করল, চুপচাপ বিয়ে দিয়ে দিল। প্রেগন্যান্ট হলে কোর্টে অনুমোদন নিয়ে নিল। ভয়াবহ অবস্থার দিকে এগুচ্ছি আমরা।
“এ বিষয় নিয়ে এখনও চিন্তা করার আছে। লিগ্যাল একশনেও যেতে পারি। আমরা এর প্রতিবাদ করে যাব।”
আলোচনা সভায় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফোরামের সভাপতি রফিকুল ইসলাম বলেন, “যে সমস্ত জায়গায় সিদ্ধান্ত হয়, নীতি প্রণয়ন হয়; সেখানে নারীর অংশগ্রহণ খুবই কম। নীতিমালার ড্রাফট যারা করে, তাদের সবাই পুরুষ।
“কিন্তু নারীদের জন্য কী কী প্রয়োজন তা নারী ছাড়া জানা সম্ভব নয়। তাই নীতিমালা প্রণয়নে নারীদের অংশগ্রহণ থাকা প্রয়োজন। আর তা বাস্তবায়নে দৃঢ় হতে হবে।”
জাগরণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট আমেনা আক্তার দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নার্গিস জাহান বানু, অতিরিক্ত শ্রম পরিচালক এম এ রশিদ মোল্লা, জাতীয় আইনগত সহায়তা প্রদান কেন্দ্রের আইন কর্মকর্তা মাসুমা রহমান, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইন।
