মঙ্গলবার ফের অবরোধের ঘোষণা গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের
ঢাকার নিউ মার্কেট মোড় চার ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর মঙ্গলবার আবারও একই কর্মসূচির ঘোষণা দিয়েছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।
গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত তাদের এই আন্দোলন চলে।
অবস্থান তুলে নেওয়ার আগে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ক্লদিং অ্যান্ড টেক্সটাইল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শাম্মী সোমা বলেন, “১১ তারিখ থেকে শুরু হওয়া আমাদের ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি বহাল থাকবে। কাল সকাল ১০টায় আবার আমরা নিউ মার্কেট মোড় অবরোধ করে আমাদের দাবি জানাব।”
যুক্তরাষ্ট্রের ফোর্ড ফাউন্ডেশন ও ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির সহযোগিতায় ১৯৬১ সালে ঢাকায় গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রতিষ্ঠা করা হয়। পরে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত হয়। বর্তমানে এ কলেজে পাঁচটি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়ানো হচ্ছে।
এ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবিতে গতবছর সেপ্টেম্বরে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
কলেজের শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান জানান, গত ২১ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষামন্ত্রী বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন তারা। ৪ অক্টোবর তারা নীলক্ষেত মোড় অবরোধ করলে শিক্ষামন্ত্রী দাবি পূরণের আশ্বাস দেন।
এরপর শিক্ষা সচিবের নেতৃত্বে একটি কমিটি করে দেন শিক্ষামন্ত্রী। কিন্তু ছয় মাসেও সেই প্রতিবেদন না আসায় গত ১১ মার্চ তারা ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেন।
আজিমপুরের এ কলেজের কয়েকশ শিক্ষার্থী সোমবার সকাল ১০টার দিকে রাস্তায় নেমে ব্যানার হাতে বিক্ষোভ শুরু করেন। পরে তারা নিউ মার্কেট মোড়ে অবস্থান নিলে চৌরাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মো. ইব্রাহিম খান বলেন, আন্দোলনরত এই শিক্ষার্থীদের অবস্থানের কারণে নিউ মার্কেটের ১ নম্বর গেইট, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিরপুর রোডের দিকে চারটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।
“নিউ মার্কেট মোড়ের মত গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়। অনেকে ওই সময় ঢাকা মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে পারেননি।”
আন্দোলনরত ছাত্রীদের দুপুরের রোদের মধ্যে ছাতা মাথায় পোস্টার ও প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে স্লোগান দিতে দেখা যায়। ‘এক দফা এক দাবি, ইনস্টিটিউ অব ঢাবি’, ‘দাবি আদায় না হলে বাড়ি ফিরে যাব না’- ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন তারা।
শাম্মী সোমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শিক্ষকদের সাথে ছয় মাসে আগে যখন আলোচনা করেছিলাম, তারা আমাদের আশ্বাস দিয়েছিলেন যে মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানাবেন। কিন্তু আমরা যখন মন্ত্রণালয়ে গেলাম, তখন জানলাম শিক্ষকরা সেখানে আলোচনাই করেননি।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কলেজের অধ্যক্ষ ফাতিমা সুরাইয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু লাভ হয়নি।
“শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে বলেছি, জনগণের ভোগান্তি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছি। কিন্তু ওরা আমাদের কথা শুনছে না। গতকাল সারাদিন আলোচনা হয়েছে। ওরা আমাদের শত্রু মনে করছে।”
চার ঘণ্টা নিউ মার্কেট মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচির পর আন্দোলনকারীদের মুখপাত্র সোমা বলেন, “শিক্ষকদের সাথে আর কোনো আলোচনা করব না আমরা, তাদের কোনো কথা শুনব না। তারা আমাদের বার বার আশ্বাস দিয়েও নিরাশ করেছে।
“যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের ইনস্টিটিউট ঘোষণা না করা হবে, ততক্ষণ আন্দোলন চলতে থাকবে।”
